রাশিয়া–ন্যাটো উত্তেজনা: মস্কোর তৎপরতা মোকাবিলায় নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা ইইউর

ন্যাটো প্রধান মার্ক রুটে
বিদেশে এখন
0

ন্যাটোর আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ বৃদ্ধির প্রেক্ষাপটে রাশিয়া ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মার্ক রুটে বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। আমাদের পূর্ব প্রান্তে জোটের আকাশসীমায় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপস্থিতি বাড়ছে, যা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।’ এছাড়া ন্যাটোভুক্ত দেশগুলোতে অস্ত্র কারখানায় রহস্যজনক অগ্নিকাণ্ড এবং জার্মানির লাইপজিগ বিমানবন্দরে নাশকতার চেষ্টার মতো ঘটনায় রাশিয়াকে দায়ী করেন তিনি। তবে এসব তৎপরতা ইউক্রেনকে সহায়তা দেয়া থেকে ন্যাটোকে বিরত রাখতে পারবে না বলে জানান জোটপ্রধান।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান, লাইপজিগ বিমানবন্দরে সামরিক মানের বিস্ফোরক ব্যবহার করে পণ্যবাহী বিমানে হামলার পরিকল্পনার পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত বলে প্রমাণ পেয়েছে জার্মানি। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।

লিয়েন আরও জানান, প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থাসহ আকাশ সুরক্ষায় ইউক্রেনের কয়েক শ কোটি ইউরোর নতুন সহায়তার আবেদন জোটের সদস্যদেশগুলো বিবেচনা করছে। তবে নাশকতামূলক কর্মকাণ্ড ও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগকে পশ্চিমা দেশগুলোর প্রচার বলে উড়িয়ে দিয়েছে মস্কো।

এএম