মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন দরে ফিলিপাইনের পেসো, মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা

প্রবাসী ফিলিপিনোর পাঠানো পেসোর নোট
বিদেশে এখন
0

অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে মার্কিন ডলারের বিপরীতে ফিলিপাইনের মুদ্রা পেসোর ব্যাপক দরপতন হয়েছে। শুক্রবার প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৬২ দশমিক ৭১ পেসো, যা দেশটির ইতিহাসে পেসোর সর্বনিম্ন মান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই নিম্নমুখী ধারায় রয়েছে পেসো। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে মুদ্রাটি তার মানের প্রায় ৬ শতাংশ হারিয়েছে। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতির কারণে গত কয়েক মাসে দফায় দফায় রেকর্ড পতন দেখেছে পেসো। গত ২৪ জুলাই প্রতি ডলারের বিপরীতে পেসোর মান দাঁড়ায় ৬১ দশমিক ৮৪৭, যা গত শুক্রবার আরও কমে ৬২ দশমিক ২৬৫-তে নেমেছিল। চলতি সপ্তাহেও পতনের ধারা অব্যাহত থেকে বুধবার ৬২ দশমিক ৫৬৫ এবং শুক্রবার রেকর্ড ৬২ দশমিক ৭১ পেসোতে ঠেকেছে।

ফিলিপাইনের অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতা এবং বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাত শুরুর আগে ফিলিপাইন তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় পুরোটাই উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করত। তবে মার্চে হরমুজ প্রণালি বন্ধের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আমদানিকারকদের ডলার কিনতে অতিরিক্ত পেসো খরচ করতে হচ্ছে, যা মুদ্রাটির মান আরও কমিয়ে দিচ্ছে। পাশাপাশি রাজস্ব ও চলতি হিসাবের বড় ঘাটতির কারণেও পেসোর ওপর চাপ বাড়ছে।

মুদ্রার এই অবমূল্যায়নের ফলে দেশটিতে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি আরও বাড়বে। গত আগস্টে ফিলিপাইনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ৬ দশমিক ১ শতাংশ, যা কেন্দ্রীয় ব্যাংকের ৩ শতাংশের লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি। বাজার বিশ্লেষকেরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে থাকলে পেসোর মান আরও পড়ে ডলারপ্রতি ৬৩ ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবিলায় রাজস্ব শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রশাসন।

এএম