স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। বলিভিয়ান গণমাধ্যমের খবর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। গুরুতর আহত ১৪ জনকে লা পাজের হাসপাতালে নেয়া হয়েছে।
এরমধ্যে থার্ড ডিগ্রি বার্ন নিয়ে আসা এক কিশোরীও আছে। ব্যারাকের পাশে অতিরিক্ত অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। দমকলকর্মীরা সতর্ক করেছেন, তাপের উৎস থেকে যাওয়ায় বিস্ফোরণের ঝুঁকি এখনও কাটেনি। স্থানীয়দের ঘটনাস্থল থেকে অন্তত দেড়শো মিটার দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তারা।





