গত কয়েক মাস ধরে বিভিন্ন সাক্ষাৎকার ও জনসমক্ষে বারবার এমন দাবি করে আসছেন ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক বৈঠকে তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ জানে না যে ডাম শব্দের শেষে বি আছে। তারা মনে করে এর বানান ডি-ইউ-এম আর এটাই স্বাভাবিক।’ এর আগে গত মে মাসে ফক্স নিউজ, জুনে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকার এবং জুলাইয়ে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন।
ডেমোক্র্যাট শব্দের ‘ই’অক্ষরের জায়গায় ‘ইউ’ বসিয়ে ‘ডামোক্র্যাট’ শব্দটি তৈরি করেছেন ট্রাম্প। নিজের এই মনগড়া শব্দ ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরতে গিয়েই তিনি ইংরেজি ‘ডাম’ শব্দের বানানের প্রসঙ্গটি সামনে আনেন। ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাট শব্দের একটি মাত্র অক্ষর বদলে দিয়ে ডামোক্র্যাট করা হয়েছে। আর মানুষ তো জানেই না যে ডাম শব্দের শেষে একটি বি রয়েছে।’
তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, প্রাথমিক বিদ্যালয়ে পড়া যেকোনো শিক্ষার্থীও চার অক্ষরের এই অতিপরিচিত শব্দের বানান জানে। মূলত নিজের তৈরি করা ব্যঙ্গাত্মক শব্দটির পক্ষে সাফাই গাইতে এবং নিজেকে জাহির করতেই ট্রাম্প সাধারণ মানুষের বানানজ্ঞান নিয়ে এমন মনগড়া যুক্তি দিচ্ছেন বলে মনে করছেন সমালোচকেরা।





