রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা; মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর সদস্যরা
বিদেশে এখন
0

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথই বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেন যুদ্ধ নতুন করে শুরুর পর এবারই প্রথম রিয়াদকে সরাসরি লক্ষ্যবস্তু করলো হুথিরা। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংকটজনক এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডের সফর সংক্ষিপ্ত করে আকস্মিকভাবে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। এর পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যপ্রাচ্য সফর ও যাতায়াতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়।

সংবাদ সংস্থা এএফপি জানায়, শনিবার রিয়াদজুড়ে দুটি বড় ধরনের বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়। সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক মাধ্যম এক্সে জানায়, রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মাঝআকাশেই ধ্বংস করেছে। তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, তারা রিয়াদের সংবেদনশীল স্থাপনা এবং লোহিত সাগরের কৌশলগত ইয়ানবু বন্দরের আরামকো তেল ডিপোতে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছেন।

গত কয়েক সপ্তাহে হুথিরা ইয়েমেনের সমগ্র লোহিত সাগর উপকূল ও বাব এল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে নেয়ার পর বিশ্ববাজারে তেলের সরবরাহব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই তীব্র লড়াইয়ের ফলে ইয়েমেনে অন্তত ১ লাখ ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, হুথিদের এই অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি সামরিক সহায়তা চাইলেও ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করেছে। তবে রিয়াদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সৌদি আরবের কাছে ২ হাজার ৪৩০ কোটি ডলার মূল্যের ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এএম