পিটিআইয়ের বিক্ষোভ মার্চের আগে ইমরান খানের বোনকে গ্রেপ্তার

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান
বিদেশে এখন
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের বোন আলিমা খানকে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির ঘোষিত বিক্ষোভ মার্চের ঠিক এক সপ্তাহ আগে আজ রোববার তাকে গ্রেপ্তার করা হলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লাহোরের ডেপুটি কমিশনারের জারি করা আদেশ অনুযায়ী, পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা (এমপিও) আইনের অধীনে আলিমা খানকে ৩০ দিনের প্রতিরোধমূলক আটকে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এই আইনটি জনস্বার্থ ও নিরাপত্তার স্বার্থে কোনো ব্যক্তিকে আগাম গ্রেপ্তার করার ক্ষমতা দেয়। আলিমা খানের আইনজীবী রানা মুদাসসর উমর সামাজিক মাধ্যম এক্সে জানান, বাড়ি থেকে বের হওয়ার পরপরই পুলিশ বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অথচ লাহোরের সব মামলায় তিনি জামিনে ছিলেন।

পিটিআই এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আলিমা খানের মুক্তির দাবি জানিয়েছে। পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, কারাবন্দী ভাইয়ের ওপর অন্যায় নির্যাতন ও সুচিকিৎসার অভাব নিয়ে সোচ্চার হওয়ায় ৭০ বছর বয়সী একজন বৃদ্ধাকে তার বাড়ির সামনে থেকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা, বিশেষ করে তার ডান চোখের মারাত্মক সমস্যা নিয়ে পিটিআই গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট ইমরান খানকে বেসরকারি শেফা হাসপাতালে রেখে চিকিৎসার নির্দেশ দিলেও সরকার তাকে রাষ্ট্রীয় হাসপাতালে সংক্ষিপ্ত চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠায় এবং ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেয়নি বলে অভিযোগ পিটিআইয়ের।

এএম