শেয়ারবাজারে এই যাত্রার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রথম এককভাবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রতিষ্ঠান হিসেবে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে অ্যানথ্রোপিক। দ্রুত বর্ধনশীল এআই খাতের জন্যও এটি একটি বড় পরীক্ষা। কারণ, এই প্রযুক্তির পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, তা শেষ পর্যন্ত লাভজনক হবে কি না—সেই প্রশ্নের মুখে রয়েছে খাতটি।
চলতি মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা প্রতিটি শেয়ার ৭০ থেকে ৭৮ ডলারে ছাড়বে। তখন প্রতিষ্ঠানটির বাজারমূল্য ধরা হয়েছিল সর্বোচ্চ ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির শুরুর দিকের এক বিনিয়োগকারী বিবিসিকে জানিয়েছেন, অ্যানথ্রোপিকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ঘিরে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তিনি জানান, শেয়ারবাজারে তালিকাভুক্তির আগেই বরাদ্দের চেয়ে ১০ গুণের বেশি শেয়ারের আবেদন জমা পড়েছে। বাস্তবে এমনটি ঘটলে বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর অ্যানথ্রোপিকের বাজারমূল্য দ্রুতই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
শেয়ারের চাহিদা কতটা জোরালো থাকে, তার ওপর ভিত্তি করে অ্যানথ্রোপিক ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রাথমিক বাজারমূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। গত জুনে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে শেয়ারবাজারে যাত্রা শুরু করে স্পেসএক্স, যা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের আইপিও। তবে এর পরের কয়েক সপ্তাহে স্পেসএক্সের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। বর্তমান হিসাব অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে প্রাথমিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৬ হাজার ৮০০ কোটি ডলারের বেশি তহবিল তুলবে অ্যানথ্রোপিক। এছাড়া প্রাইভেট প্লেসমেন্ট থেকে আরও ২ হাজার ৬০০ কোটি ডলার পাওয়ার আশা করছে তারা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি মোট ৯ হাজার ৪০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করবে বলে ধারণা করা হচ্ছে। তালিকাভুক্তির মাধ্যমে অ্যানথ্রোপিক যে পরিমাণ নগদ অর্থ তুলছে, তা গত জুনে স্পেসএক্সের তোলা তহবিলের চেয়েও বেশি।
অ্যানথ্রোপিকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তার আগপর্যন্ত অ্যানথ্রোপিকই হবে যুক্তরাষ্ট্রের একমাত্র শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান, যা পুরোপুরি এআই প্রযুক্তিনির্ভর এবং কেবল এআই টুল ও পণ্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। গুগল ও মাইক্রোসফটের মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এআই তৈরি করছে, তবে তারা মূলত সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন খুচরা ব্যবসা বা অনলাইন সার্চ ইঞ্জিনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তাদের কাছে এআই টুল ও অ্যাপ্লিকেশন গৌণ। এই জায়গাটিতে অ্যানথ্রোপিকের কাজের পরিধি ভিন্ন।
অ্যানথ্রোপিকের এই তালিকাভুক্তি ঘিরে যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনি ভবিষ্যতে রাজস্ব ও মুনাফা অর্জনের সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগও আছে। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, আগামী দু-এক বছরে অ্যানথ্রোপিকের শত শত কোটি ডলারের আর্থিক দায় পরিশোধের সময় হবে। তখন তাদের ব্যবসা সেই গতির সঙ্গে তাল মেলাতে পারবে কি না, সেটিই মূল বিষয়। তিনি বলেন, ‘তা সত্ত্বেও উৎপাদনশীলতার পরবর্তী ধাপকে নতুন রূপ দেয়ার মতো সম্ভাবনাময় একটি অগ্রণী মডেল নির্মাতা প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগের সুযোগ সাধারণ বিনিয়োগকারীরা সচরাচর পান না।’ অন্যদিকে বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশলগত প্রধান মার্তা নর্টন বিবিসিকে বলেন, ‘অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে আসা এআই প্রযুক্তির চাহিদা কেমন, তা দেখার জন্য আমাদের সামনে সম্পূর্ণ নতুন একটি জানালা খুলে দিচ্ছে।’
ডারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই নামের দুই ভাই-বোনের নেতৃত্বে কয়েকজন সহপ্রতিষ্ঠাতা মিলে অ্যানথ্রোপিক গড়ে তোলেন। তারা সবাই ওপেনএআইয়ের চাকরি ছেড়ে নতুন এই এআই প্রতিষ্ঠান শুরু করেছিলেন। চলমান এআই প্রতিযোগিতায় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রযুক্তি তৈরির মাধ্যমে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রোপিকের প্রযুক্তি প্রায় বাধাহীনভাবে ব্যবহারের জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছিল তারা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডারিও আমোদেই স্পষ্টভাবেই বলে আসছেন যে এআই টুলগুলো শিগগিরই এতটা শক্তিশালী হয়ে উঠতে পারে, যা মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। উপযুক্ত সুরক্ষাব্যবস্থা ছাড়া উন্নত সিস্টেমগুলো মানবজাতির জন্য বিপর্যয়কর ঝুঁকি তৈরি করতে পারে—এমন যুক্তি দিয়ে এআই প্রযুক্তির বিকাশের গতি কমানোর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিদ্বন্দ্বী ওপেনএআইও প্রযুক্তির ঝুঁকি নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে এবং এআই নিরাপত্তার বিষয়টি সমাধান করতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।
এসব উদ্বেগের পরও দ্রুত ব্যবসা বাড়াতে চাইছে অ্যানথ্রোপিক এবং সে জন্য শেয়ারবাজারের মাধ্যমে আরও বেশি অর্থের সংস্থান করতে চাইছে তারা। মার্তা নর্টন বলেন, বাজারের অস্থিরতার এই সময়ে অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে আসার মূল কারণ হলো তাদের আরও অর্থের প্রয়োজন। তিনি বলেন, ‘এআই খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। শেয়ারবাজার অর্থের প্রবাহ কিছুটা বাড়িয়ে দেয়, তাই এখন শেয়ারবাজারে আসার সময় হয়েছে।’ তবে ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য কম্পিউটার চিপের ওপর নির্ভরশীল এআই শিল্পের ব্যবসায়িক মডেল নিয়ে বিস্তৃত পরিসরে উদ্বেগ বাড়তে শুরু করেছে। এছাড়া এই প্রযুক্তি বিতর্কিত ডেটা সেন্টারের ওপরও নির্ভরশীল এবং এ ধরনের কার্যক্রম পরিচালনায় তহবিলের জন্য অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রয়োজন হয়। সুদের হার বাড়ানোর সম্ভাব্য আলোচনা নিয়ে গত অক্টোবরে অনুষ্ঠিত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, জটিল ও অস্পষ্ট কাঠামোর মাধ্যমে এআই-সংশ্লিষ্ট ঋণের দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকটি। বৈঠকে অংশ নেয়া কয়েকজন উল্লেখ করেছেন যে এআই-সংশ্লিষ্ট বিনিয়োগ ও ঝুঁকি ক্রমেই অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়ছে।





