যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে মন্তব্য; রাহুল গান্ধীকে ‘ভারতের মীর জাফর’ বললো বিজেপি

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতের অর্থনীতি, বেকারত্ব ও শিক্ষাব্যবস্থা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ‘ভারতবিরোধী অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলে বুধবার তাকে ‘ভারতের মীর জাফর’ বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ব্যাপক বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থার সমস্যার কারণে ভারত একটি অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

এ মন্তব্যের জবাবে বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া কংগ্রেস নেতা রাহুলকে অপরিপক্ব ও ভারতবিরোধী বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘দেশের বদনাম করতে বিদেশের মাটিতে রাহুল গান্ধী যে ভিত্তিহীন, মিথ্যা ও ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন, তাতে আজ প্রতিটি ভারতীয় লজ্জিত। রাহুল গান্ধী অপরিপক্ব, ভারতবিরোধী এবং ভারতের মীর জাফর।’ ভাটিয়া আরও অভিযোগ করেন, পার্লামেন্টের প্রতিটি অধিবেশনের আগে রাহুল গান্ধী ‘তার বিদেশি প্রভুদের কাছ থেকে নির্দেশনা নিতে’ বিদেশে সফর করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিজেপির আরেক জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি রাহুল গান্ধীকে ‘ভারতবিরোধী অপপ্রচারের নেতা’ বলে আখ্যা দেন। বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত হিসেবে তুলে ধরে এবং ভারতীয় গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দেশকে অপমান করেছেন বলে অভিযোগ করেন ভান্ডারি।

বার্তা সংস্থা এএনআইকে বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন বলেন, ‘রাহুল গান্ধী যখনই বিদেশে যান, তখনই নিজের বিষাক্ত মিথ্যাচারের মাধ্যমে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি ক্ষতিকর ধারা অনুসরণ করেন।’ কেশবন রাহুলের এই মন্তব্যের সঙ্গে কোয়াড শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণের তুলনা করেন। তিনি অভিযোগ করেন, মোদি যেখানে মেঝে থেকে ভারতের জাতীয় পতাকা সসম্মানে তুলে নিয়েছিলেন, সেখানে ভারতকে নিয়ে উপহাস করা বিদেশি প্রতিনিধিদের উৎসাহ দিয়েছেন রাহুল গান্ধী।

বিজেপির তেলেঙ্গানা শাখার সভাপতি এন রামচন্দ্র রাও রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, আগে তিনি ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে কথা বলার জন্য বিদেশিদের আমন্ত্রণ জানাতেন, আর এখন বিদেশ সফরে গিয়ে দেশের সমালোচনা করছেন। তিনি বলেন, ‘আবারও বিদেশের মাটিতে ভারত এবং দেশের অর্থনীতির বিরুদ্ধে কথা বললেন রাহুল গান্ধী। গতকাল পর্যন্ত তিনি ভারতের মাটিতে দেশের বিরুদ্ধে কথা বলতে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছিলেন। এখন তিনি নিজে বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন।’

অর্থনীতি, বেকারত্ব ও শিক্ষা নিয়ে রাহুলের মন্তব্যের জবাবে রাও প্রশ্ন তোলেন, দেশের শিক্ষাব্যবস্থা ধসে পড়লে কেন বিদেশি শিক্ষার্থীরা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়তে আসছেন। এ সময় ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি এবং ত্রৈমাসিক পণ্য ও সেবা কর (জিএসটি) আদায় বাড়ার উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, দেশে বেকারত্বের হার ৬ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নেমে এসেছে। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য উল্লেখ করে ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমেছে বলেও দাবি করেন তিনি।

বিজেপির বিহার শাখার সভাপতি সঞ্জয় সারাওগি অভিযোগ করেন, বিজেপির রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে এই বিরোধী নেতা ভারতেরই বিরোধিতা শুরু করেছেন। ভারতের অর্থনৈতিক ও সামরিক অবস্থান এবং বিশ্বে নরেন্দ্র মোদির জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি যুক্তি দেন, আসন্ন অর্থনৈতিক সংকট নিয়ে রাহুলের মন্তব্য দেশের বাস্তব অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। বার্তা সংস্থা এএনআইকে সারাওগি বলেন, ‘এটিই রাহুল গান্ধীর সমস্যা। বিজেপির বিরোধিতা করতে গিয়ে তিনি ভারতের বিরোধিতা শুরু করেছেন। এ কারণেই এ দেশ থেকে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে।’ কংগ্রেসের নির্বাচনি বিপর্যয়ের জন্যও রাহুল গান্ধীর এ ধরনের মন্তব্যকে দায়ী করেন তিনি।

এএম