ট্রাম্প ও পুতিনকে নিয়ে বৈঠকে শি জিনপিং; কূটনৈতিক সাফল্যের আড়ালে রয়েছে ঝুঁকিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বিদেশে এখন
0

চীনের শেনজেন শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ঐতিহাসিক এক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্য কোনো বিশ্বনেতা যা পারেননি, তা করে দেখানোর এক অনন্য কূটনৈতিক মুহূর্ত এটি শি জিনপিংয়ের জন্য। কয়েক দশক ধরে ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্ররা বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন নেতাকে এক টেবিলে বসানোর কূটনৈতিক আয়োজনটি করেছে চীন। বিবিসির চীন প্রতিনিধি লরা বিকারের এক বিশ্লেষণে উঠে এসেছে, এই বৈঠক শি জিনপিংয়ের জন্য বড় কূটনৈতিক সাফল্য হলেও এতে বেশ কিছু ঝুঁকি ও অস্বস্তির জায়গাও রয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শেনজেন শহরের অত্যাধুনিক প্রযুক্তির আবহে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে রাস্তায় চলছে চালকবিহীন গাড়ি, মাথার ওপর উড়ছে ড্রোন আর রাস্তায় নাচছে রোবট। বাহ্যিকভাবে এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) নেতাদের একটি অর্থনৈতিক সম্মেলন। তবে শি জিনপিংয়ের কাছে এটি বৈশ্বিক অর্থনীতি ও বিশ্বরাজনীতিতে চীনের শক্ত অবস্থানেরও প্রদর্শনী। তার দেশ এখন আর কেবল ওয়াশিংটন, লন্ডন বা ব্রাসেলসের নেয়া সিদ্ধান্তের বিপরীতে প্রতিক্রিয়া জানায় না; বরং আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন রূপ দেয়ার আলোচনার কেন্দ্রে অবস্থান করছে বেইজিং। তবে পুতিন ও ট্রাম্পের সঙ্গে অনেক বিষয় নিয়েই আলোচনায় খুব একটা আগ্রহী নন শি জিনপিং, যা এই বৈঠকে তার জন্য ঝুঁকির কারণ হতে পারে।

প্রথমত, পঞ্চম বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধ আলোচনার টেবিলে আসুক, তা চায় না চীন। শি জিনপিংয়ের জন্য এটি অত্যন্ত সূক্ষ্ম এক ভারসাম্য রক্ষার বিষয়। তিনি জানেন, পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা ইউরোপের সঙ্গে চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনের একটি প্রধান বাজার, বিশেষ করে বর্তমান সময়ে যখন চীনের অর্থনীতি রপ্তানির ওপর প্রবলভাবে নির্ভরশীল। আবার শি জিনপিং এটিও চান না যে যুদ্ধ এমনভাবে শেষ হোক, যাতে গুরুত্বপূর্ণ মিত্র ও প্রতিবেশী দেশ রাশিয়া অস্থিতিশীল হয়ে পড়ে।

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের নিন্দা জানানো থেকে বিরত থেকে বেইজিং এখনো এই যুদ্ধে নিজেদের নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করছে এবং বারবার আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, বিশেষ করে সাবেক বাইডেন প্রশাসন এবং ইউরোপ অভিযোগ করে আসছে যে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের উপযোগী সরঞ্জাম রাশিয়ায় পাঠাচ্ছে চীন এবং তেল ও গ্যাস কিনে রুশ অর্থনীতিকে টিকিয়ে রাখছে। শি জিনপিং পুতিনকে কাছে রাখতে চান, কিন্তু এতটা কাছেও রাখতে চান না যাতে রাশিয়ার সমস্যাগুলো চীনের সমস্যায় পরিণত হয়।

ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে স্পষ্ট করেছেন যে বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত করার বিষয়ে তিন নেতার মধ্যে আলোচনা চান তিনি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। তবে চীনও দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে, যা ওয়াশিংটনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বড় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। ওই চুক্তিতে দুই দেশের পারমাণবিক অস্ত্রের সংখ্যার ওপর একটি সীমা নির্ধারণ করা ছিল।

নতুন যেকোনো চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে চান ট্রাম্প, কিন্তু বেইজিং তাতে আপত্তি জানিয়ে আসছে। শি জিনপিংয়ের যুক্তি হলো, ওয়াশিংটন ও মস্কোর তুলনায় চীনের অস্ত্রভাণ্ডার অনেক ছোট; তাই তাদের সমান সীমায় বেইজিংকে বেঁধে ফেলা অন্যায্য হবে। চীন মনে করে, নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর স্বাধীনতা তাদের থাকা উচিত। তবে এই ইস্যুটি বিশ্বমঞ্চে চীনের নেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র যুক্তি দিতে পারে যে বৈশ্বিক নেতৃত্বের মর্যাদার সঙ্গে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হওয়ার বিষয়টিও জড়িত।

শুরু থেকে শেষ পর্যন্ত এই বৈঠকের দৃশ্যপট নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবেন শি জিনপিং। চীনা কর্মকর্তারা সাধারণত আলোচনার বিষয়বস্তু আগেভাগেই চূড়ান্ত করে রাখতে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে তৈরি করা বক্তব্য তুলে ধরতে পছন্দ করেন। কিন্তু নজিরবিহীন এই শীর্ষ বৈঠকে শি জিনপিংকে এমন দুই নেতার মুখোমুখি হতে হচ্ছে, যাদের আচরণ আগে থেকে অনুমান করা কঠিন। ট্রাম্প ও পুতিন উভয়েরই নিজস্ব এজেন্ডা রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে নির্ধারিত আলোচনার বাইরে যাওয়ার হুমকি দিয়েছেন। ফলে এমন ঝুঁকি রয়েছে যে তারা দুজনই বৈঠকে আধিপত্য বিস্তার করবেন এবং একটি বড় কূটনৈতিক মুহূর্তের রূপকার হওয়ার বদলে শি জিনপিংকে কেবল একজন আয়োজকের মতো দেখাবে।

অবশ্য শি জিনপিং হয়তো এর জন্য প্রস্তুত রয়েছেন এবং বিষয়টি তার পক্ষেও যেতে পারে। চীনা নেতা নিজেকে একজন স্থিতিশীল বৈশ্বিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছেন। এই বৈঠকে তার দুই পাশে থাকবেন এমন দুই নেতা, যারা এমন সব যুদ্ধে জড়িয়ে আছেন যা তারা শেষ করতে পারছেন না। ফলে নির্ধারিত ছকের বাইরের যেকোনো মুহূর্ত শি জিনপিংকে একজন অভিজ্ঞ ও ধীরস্থির রাষ্ট্রনায়ক হিসেবে আরও বেশি ফুটিয়ে তুলতে পারে।

ব্যাপক মনোযোগ কাড়লেও সম্পূর্ণ ভিন্ন এজেন্ডা থাকা এই তিন নেতার বৈঠক থেকে বড় কোনো ফলাফল আসার সম্ভাবনা কম। তবে আগামী বছরের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের আগে এই বৈঠকের মাধ্যমে ক্ষমতার যে প্রদর্শনী হচ্ছে, তা শি জিনপিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। ওই কংগ্রেসে দল ও দেশের নেতা হিসেবে তিনি চতুর্থ মেয়াদ নিশ্চিত করবেন বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ নানা বড় সংকটে থাকা চীনে এই বৈঠককে প্রচারণার কাজে ব্যবহারের আশা করতে পারেন তিনি।

দেশজুড়ে আবাসন খাতের সংকটে ভোক্তাদের আস্থায় চিড় ধরেছে এবং স্থানীয় সরকারগুলো বিপুল ঋণে জর্জরিত। উৎপাদন খাতের গতি ধীর হয়ে পড়েছে এবং চীনের শ্রমশক্তির একটি বড় অংশ পেনশন বা সামাজিক নিরাপত্তা ছাড়াই অস্থায়ী চাকরির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ধারণা করা হয়, দেশটির প্রতি পাঁচজন তরুণের একজন কাজ পেতে হিমশিম খাচ্ছেন। ভবিষ্যৎ নিয়ে হতাশা ও উদ্বেগ নিয়মিত প্রকাশ পাচ্ছে। শি জিনপিংকে নির্বাচনের মুখোমুখি হতে হয় না এবং দেশটিতে কয়েক দশকে বড় কোনো বিক্ষোভও দেখা যায়নি। কিন্তু এসব সমস্যা ও জনমনে স্পষ্ট হতে থাকা হতাশা বাড়তে থাকায় দলের শীর্ষ মহলে নিজের জনপ্রিয়তা নিয়ে তাকে ভাবতে হচ্ছে। ঠিক এমন সময়ে পুতিন ও ট্রাম্পের সঙ্গে এক ফ্রেমে ছবি তোলার সুযোগ তার সামনে এই প্রমাণ হাজির করতে পারে যে চীনের শতাব্দীকালের বঞ্চনার অধ্যায় শেষ হয়েছে। তিনি এই যুক্তি তুলে ধরতে পারবেন যে চীন আর কেবল উদীয়মান কোনো শক্তি নয়, বরং নতুন যুগের নিয়মকানুন তৈরিতে ক্রমেই বড় ভূমিকা রাখছে।

এএম