২০২৩ সালে রে-ব্যানের সঙ্গে যৌথভাবে এআই প্রযুক্তির স্মার্ট চশমা বাজারে আনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। তবে অনুমতি ছাড়া গোপনে মানুষের কার্যকলাপ ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেয়া এবং নারীদের হয়রানির অভিযোগে পণ্যটি শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি এতই জটিল রূপ নেয় যে, চশমাটি পরিচিতি পায় পারভার্ট গ্লাসেস বা বিকৃত মানসিকতার চশমা নামে।
শুধু তাই নয় নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন ঘাঁটি, পাব, থিয়েটার ও স্কুলসহ বেশকিছু জায়গায় এটি ব্যবহার নিষিদ্ধ করা হয়। সাধারণ মানুষের জন্য এ ধরনের চশমা সম্পূর্ণ নিষিদ্ধের দাবি তুলেছেন অনেক প্রযুক্তিবিদ।
এসব বিতর্ক ও গোপনীয়তা নিয়ে উদ্বেগের মধ্যে ক্যামেরাবিহীন নতুন স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিল মেটা। প্রতিষ্ঠানটির দাবি, সমালোচনার মুখে তড়িঘড়ি করে নয়, বরং দীর্ঘ দুই বছরের গবেষণার ফল এটি। যা ২০২৭ সালে বাজারে আসছে।
আরও পড়ুন:
অত্যাধুনিক এই স্মার্ট চশমায় থাকছে ফোনে কথা বলা ও গান শোনার সুবিধা। অডিওনির্ভর চশমাটি আগের চেয়ে হালকা, দামে কম এবং ব্যাটারির সক্ষমতাও বেশি। ব্লুটুথের মাধ্যমে ফোনের মেটা এআই অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে ভয়েস কমান্ড দিয়ে চলবে। যা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বেশ কার্যকর। কারণ এটি চারপাশের অবস্থান বর্ণনা, রেস্তোরাঁর মেনু পড়ে শোনানোর কাজ করতে পারবে।
এটিকে একটি যুগান্তকারী উদ্ভাবন বলে অভিহিত করেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। তিনি জানান, চলতি বছরের শেষ দিকে সব মিলিয়ে একশ'র বেশি ডিজাইনের চশমা পাওয়া যাবে। যা বিভিন্ন দামে পণ্যের সরবরাহকে আরও বিস্তৃত করবে।
মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘ক্যামেরা ছাড়া অডিও গ্লাস হওয়ায় এটি ডিজাইনের ক্ষেত্রে অনেক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এগুলো দেখতে অন্য যেকোনো চশমার মতোই হবে। যা ওজনে অনেক হালকা ও পাতলা তৈরি করা। এগুলো খুব সহজেই সারাদিন ব্যবহার করা যাবে।’
এআই নিয়ে আলোচনা ও গোপনীয়তার বিতর্কের পরও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব পণ্যের বাজার বিস্তৃত করছে। বাজার গবেষণা সংস্থা আইডিসির, গোপনীয়তার কিছু সমস্যা সমাধান করলেও, অডিওর অপব্যবহারের সুযোগ রয়ে গেছে।





