হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

আবদুল হান্নান মাসউদ
আইন ও আদালত
0

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা কিংবা বাতিলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ (সোমবার, ৯ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।

এর আগে, গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেয়া হয়। হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল এ আবেদন করেন।

রিটের বিষয়ে আইনজীবী ইব্রাহিম খলিল জানান, আবদুল হান্নান মাসউদ হলফনামার বিষয়বস্তু সম্পর্কে অবগত না হয়েই তাতে স্বাক্ষর করে জমা দিয়েছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। তাদের অভিযোগ, এ ঘটনা হলফনামা জালিয়াতির শামিল। এর আইনগত প্রতিকার চেয়েই তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।

রিট আবেদনে হলফনামা জালিয়াতির অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছিল।

জেআর