গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হঠাৎ করেই বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের দেশে ফিরে যান। এরপর ফুটবল অঙ্গনে চাউর হয় নানা গুঞ্জন। অনেকেই ধরে নিয়েছিলেন, দায়িত্ব ছেড়ে দিয়েছেন সাফ জয়ী এই অভিজ্ঞ কোচ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘ওনার সঙ্গে আমাদের যে চুক্তি আছে, দ্যাট এন্ডস অন দা ৩১ ডিসেম্বর, সেই চুক্তিতে কোনো পরিবর্তন হয় নাই।
‘ওনার ব্যক্তিগত মেডিকেল রিহেশনে খুব শর্ট নোটিসে উনি ইউকে গিয়েছেন। সেটা মূলত ওনার ব্যক্তিগত ইচ্ছা তো আছে, তার চেয়ে বড় কথা ওনার পরিবারের ইচ্ছা। ওনার কিছু চেকআপের ইস্যু আছে এবং হয়তোবা কিছু ট্রিটমেন্টের রিকোয়ারমেন্ট আছে।’
বাটলারের চুক্তি ডিসেম্বরের শেষ পর্যন্ত থাকলেও নারী দলের সামনে হাতছানি দিচ্ছে নতুন অ্যাসাইনমেন্ট। আগামী ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন আফঈদারা। কিন্তু এই দুই ম্যাচে পিটার বাটলারের দলের সঙ্গে থাকার সম্ভাবনা নেই বলেই জানা গেছে। তাই এই দুই ম্যাচকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ নিয়ে ভাবছে বাফুফে। কে নেবেন এই স্বল্প সময়ের নারী দলের ডাগআউটের দায়িত্ব তা জানা যাবে শীঘ্রই।
সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘ডিসেম্বর ফার্স্ট এন্ড ডিসেম্বর ফিফথ, দুটো টায়ার ওয়ান ফিফা উইন্ডো ম্যাচ এরই মধ্যে আমরা কনফার্ম করেছি সিঙ্গাপুরের সঙ্গে, যেটা সিঙ্গাপুরের মাটিতেই খেলা হবে।
‘ইন্টারিম কোচ আনার ব্যাপারে, সত্যি কথা বলতে কি আমাকেও সভাপতি মহোদয় বলেছিলেন, আমিও চেষ্টা করেছিলাম দু’তিনটা জায়গায় বেশ হাই প্রফাইল জায়গায়, বাট এই স্বল্প সময়ে আসলে ওনারা কমিট করতে পারেনি। বাট, আমি বিশ্বাস করি যে, ইন্টারিম পিরিয়ডের জন্য একজন কোচ আমরা খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব।’
বাটলার সুস্থ হয়ে ফের বাংলাদেশে ফিরবেন নাকি সিঙ্গাপুর সফর দিয়ে শুরু হবে নারী ফুটবলে নতুন কোনো অধ্যায়—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন





