ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ; সিইসির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম ককরোচ জনতা পার্টির

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
বিদেশে এখন
0

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের রাজপথে নামার হুমকি দিয়েছে দেশটির তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আগামী শনিবারের মধ্যে তিনি পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে গণআন্দোলন শুরুর হুঁশিয়ারি দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে অভিযুক্ত সিইসি জ্ঞানেশ কুমার ৪৮ ঘণ্টার মধ্যে সরে না দাঁড়ালে মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে এই আন্দোলন শুরু হবে এবং তা পুরো ভারতে ছড়িয়ে দেয়া হবে। ভোটার তালিকা জালিয়াতি করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেয়ার অভিযোগে সিইসির গ্রেপ্তার ও অপসারণ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেসও।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় অসঙ্গতি নিয়ে গত ১০ মাসে সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে অন্তত ১৪ বার ক্ষোভ ও আপত্তি জানিয়েছেন বাকি দুই নির্বাচন কমিশনার। বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপির নির্বাচনি সুবিধা নিশ্চিত করতে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে এবং ভুয়া ভোটার যুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জন্ম নেয়া এই তরুণদের সংগঠন সিজেপি এর আগে গত জুলাই মাসে ব্যাপক আন্দোলনের মাধ্যমে মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করেছিল, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০ বছরের শাসনামলে অন্যতম বড় ধাক্কা ছিল। নতুন এই বিতর্ক সামলাতে কমিশন জানিয়েছে, যেকোনো প্রতিষ্ঠানে ভিন্নমত থাকা একটি স্বাভাবিক বিষয় এবং তারা আইন মেনেই সব কাজ করেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেছে।

এএম