ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের প্রায় প্রতিদিনের সহিংসতার অংশ হিসেবে রাতভর দেইর আল-সুদান গ্রামে বেশ কয়েকটি গাড়ি ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় বসতি স্থাপনকারীরা। এছাড়া পাশের দেইর আবু মাশআল ও কাফর মালিক গ্রামেও বেশ কিছু যানবাহনে আগুন দেয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে গাদি আইজেনকোট লেখেন, ‘উগ্রপন্থি গোষ্ঠীগুলোর গাড়ি ও ঘরবাড়িতে আগুন দেয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।’
আইজেনকোট বলেন, এই পরিস্থিতি অনিবার্য ছিল না, বরং এটি বাজে নেতৃত্বের পরিণতি। কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ‘লাগামহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে’ নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন তিনি। অপরাধীদের থামাতে প্রশাসনিক আটকাদেশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সুনির্দিষ্ট অভিযানসহ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আইজেনকোট।





