ফ্লাইদুবাই বিমানে হামলা: ওমানি সহ-পাইলটকে আমিরাতের কাছে হস্তান্তর সৌদির; তদন্তে যুক্ত হচ্ছে ইসরাইল

ফ্লাইদুবাইয়ের আরেকটি ফ্লাইটে বেন গুরিয়ন বিমানবন্দরে নামছেন যাত্রীরা
বিদেশে এখন
0

ফ্লাইদুবাইয়ের বিমানে ওমানি সহ-পাইলটের হামলার পেছনে কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা বৈদেশি ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্ত সহ-পাইলটকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেতে যাচ্ছে ইসরাইল। আটক ওমানি সহ-পাইলটকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের জিম্মায় হস্তান্তর করায় ইসরাইলি গোয়েন্দাদের জন্য এই তদন্তের পথ সহজ হলো। ইন্ডিয়াটুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের সঙ্গে সৌদি আরব বা ওমানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ২০২০ সালে আব্রাহাম চুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টেলি আবিবের সুসম্পর্ক গড়ে ওঠে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তার কথা হয়েছে এবং দুবাইয়ে শুরু হওয়া জিজ্ঞাসাবাদে ইসরাইলি তদন্তকারীরাও অংশ নেবেন।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ভারতীয় মূল পাইলট ক্যাপ্টেন স্মিথ মছার ওপর হামলা চালান ওমানি সহ-পাইলট এবং বিমানটি ধ্বংস করার চেষ্টা করেন। গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন স্মিথ মছার আত্মরক্ষা করে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। মারাত্মক আহত ক্যাপ্টেন স্মিথ মছারকে ইতিমধ্যে চিকিৎসার জন্য সৌদি আরব থেকে দুবাইয়ের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। এর পেছনে ইরান বা কোনো উগ্রবাদী গোষ্ঠীর হাত রয়েছে কি না, তা খুঁজে বের করতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেত তদন্তে নেমেছে। বিমানে থাকা ব্ল্যাক বক্সের অডিও রেকর্ড এবং সহ-পাইলটকে সরাসরি জিজ্ঞাসাবাদের মাধ্যমে ককপিটের আসল ঘটনা উন্মোচিত হবে বলে মনে করছে জেরুজালেম।

এএম