হরমুজ প্রণালি সংকট: ওমান উপকূলে জ্বালানিবাহী জাহাজে হামলা, ঝুঁকিতে বাণিজ্যিক নৌপথ

হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

ওমান উপকূলের কাছে একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত লেগেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় ৭৫ শতাংশ কমে যাওয়ার মধ্যেই নতুন এ হামলার ঘটনা ঘটলো। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, ওমান থেকে প্রায় চার নটিক্যাল মাইল পূর্বে জাহাজটির বাম পাশে আঘাত হানা হয়। তবে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং সমুদ্রে কোনো তেল ছড়িয়ে পড়ার মতো পরিবেশগত ক্ষতি হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ওই রুটে চলাচলকারী সব নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেয়া হয়েছে।

জাহাজ চলাচল সংক্রান্ত স্বয়ংক্রিয় ট্র্যাকিং ডেটার (এআইএস) তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল সংঘাতপূর্ব সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। ইউকেএমটিও জানায়, বাণিজ্যিক জাহাজগুলো এখনো মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে, বিশেষ করে দক্ষিণ ওমান সমুদ্রপথে। গত ৬ জুলাই থেকে সংস্থাটিতে রিপোর্ট করা ৪৮টি হামলার ঘটনার মধ্যে ৩১টি ঘটেছে এই রুটে। এর মধ্যে ২৫টি ঘটনায় জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নৌযানের কার্যক্ষমতার জন্য বড় আঘাত।

এদিকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় হামলার শিকার হওয়া কুয়েতের পতাকাবাহী ট্যাংকার এমটি কাজিমাহ ৩ থেকে পাঁচজন ভারতীয় নাবিককে নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। ওমান কর্তৃপক্ষের সহায়তায় এই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির ভারতীয় দূতাবাস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে বর্তমানে সাড়ে ৪ হাজারের বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।

কোনো কূটনৈতিক সমাধান না হওয়ায় এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তাঝুঁকি অত্যন্ত উচ্চমাত্রায় রয়েছে বলে জানিয়েছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি)। সংস্থাটি হরমুজ প্রণালির সামগ্রিক ঝুঁকিকে মারাত্মক হিসেবে চিহ্নিত করেছে।

এএম