নির্ধারিত সময়ের আগেই নির্বাচন; আর্চারির ২৯ পদে ৩৭ প্রার্থী

অ্যাডহক কমিটির কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল
এখন মাঠে
0

অ্যাডহক কমিটির অধীনে নির্ধারিত ৩ মাসের আগেই নির্বাচনে যাচ্ছে আরচ্যারি ফেডারেশন। নির্বাচিত হলে আর্চারিকে এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন সভাপতি প্রার্থী কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। আগামী ৩০ নভেম্বর হতে যাওয়া নির্বাচনে ২৯ পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ৩৭ প্রার্থী।

দেশের সকল ক্রীড়া ফেডারেশনের পূর্ববর্তী কমিটিগুলো ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্দেশ্য ছিল তিন মাসের মাঝে নির্বাচন করা। যে উদ্যোগে সবচেয়ে এগিয়ে আর্চারি ফেডারেশন।

রোববার মনোনয়ন দাখিলের শেষ দিনে আবেদন জমা দেন ১৮ জন। এখন টিভির কাছে আসা তথ্য অনুযায়ী মোট ২৯ পদের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন ৩৭ জন।

সভাপতি পদে আজ মনোনয়ন দাখিল করেছেন অ্যাডহক কমিটির দায়িত্বে থাকা কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল। নির্বাচিত হলে আর্চারিকে আরও এগিয়ে নিতে নানা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

অ্যাডহক কমিটির দায়িত্বে থাকা কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমরা সাত বছরের প্ল্যান করেছি ।ওই কমিটি যারা আমরা জমা দিয়েছি সবারই একটাই কাজ যে আমরা এটা ডেভলপ করব। আমরা আরও বাড়াব কোচের সংখ্যা, আরও অনেক কিছু বাড়াব। আমাদের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা আরেকটু বৃদ্ধি করারই পরিকল্পনা আছে।’ 

একসাথে অনেকেই মনোনয়ন জমা দিতে এলেও সবাই স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন চপল। আন্তর্জাতিক আর্চারির নিয়ম মেনেই সবকিছু হচ্ছে বলে জানান এ সংগঠক।

অ্যাডহক কমিটির দায়িত্বে থাকা কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমাদের ইন্টারন্যাশনাল রুলসে আছে কোনো প্যানেল হবে না। কেউ যদি করতে যায় তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা শুধু আমাদের না, আন্তর্জাতিক বিধান আছে যে খেলাধুলায় কোনো প্যানেল থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, কোনো পক্ষপাত থাকবে না। আমরা যার যারটা সে সে জমা দিয়েছি।’

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে আর্চারি ফেডারেশনের সাধারণ নির্বাচন।

এএম