সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটার কমিয়ে পেস আক্রমণে ভরসা রাখছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের নেটে অনুশীলনের সময়
এখন মাঠে
0

সেঞ্চুরিয়ন টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? হাসান মাহমুদ এবং মুশফিকুর রহিম ছিটকে গেছেন ইনজুরিতে। অন্তত দুইটি বদল আসছে তা নিশ্চিত। তবে, সেই বদলি কারা? ব্যাটার কমিয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উইকেটে কি ৪ পেসার নিয়ে নামবে বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার গ্যাবা নাকি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন? ক্রিকেট বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উইকেট কোনটি? এই নিয়ে বিতর্ক আছে অনেক। তবে উত্তর যাই হোক, সেঞ্চুরিয়ন বরাবরই ব্যাটারদের পরীক্ষা নিয়েছে। আর সেই পরীক্ষায় সোমবারের ছাত্র বাংলাদেশ।

জোহানেসবার্গে হারের পর বাংলাদেশ দলে ইনজুরির ধাক্কা এসেছে দুই দফায়। প্রথমে ডান কনুইয়ের ইনজুরিতে বাদ পড়েছেন হাসান মাহমুদ, এরপর কুঁচকির ইনজুরির কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। অন্তত দুই পরিবর্তন আসছে তা নিশ্চিত। তবে জোহানেসবার্গের মতো আট ব্যাটার নিয়ে দল সাজানোর ভাবনা কিছুটা কম বলেই ধারণা করা হচ্ছে।

সেঞ্চুরিয়নের বাউন্সি উইকেট বিবেচনায় এই ম্যাচে চার পেসার খেলানোর সম্ভাবনাই বেশি। প্রতিপক্ষের ২০ উইকেট শিকারের সুযোগটা নিতে চাইবেন কোচ ফিল সিমন্স। যে কারণে তাসকিন, শরিফুল, এবাদত ও খালেদকে দেখা যেতে পারে শুরুর একাদশে। অস্ট্রেলিয়া সিরিজে এবাদতের ইনজুরিতে ম্যাকাই টেস্টে খেলেছিলেন শরিফুল, সেবার সাত উইকেট পেয়ে দলের আস্থার প্রতিদান দিয়েছিলেন। এবার সেঞ্চুরিয়নেও একই রকম প্রত্যাশা থাকবে তার উপরে।

তবে বাজে ফর্মে আটকে থাকা মুশফিকের বদলে আসছেন না কোনো ব্যাটার। রান তোলার গুরুদায়িত্বে থাকছেন সাতজন। মাহফিজুল ইসলাম রবিনকে এই ম্যাচে দেখা যাচ্ছে সেটাও বলে দেয়া যায়। নাইম শেখকে আগেই বলা হয়েছিল ব্যাকআপ ওপেনার। সিরিজটা সেভাবেই শেষ করতে হচ্ছে তাকে।

এএম