সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীকে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা করার সিদ্ধান্তের কথা জানান। এরপরই বুধবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। রাজ্যের সাংস্কৃতিক অঙ্গন ও চলচ্চিত্র খাতকে পুনরুজ্জীবিত করতে বিজেপি সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেয়া হল।
পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ঐতিহ্যকে তুলে ধরা এবং রাজ্যটিকে আবারও একটি প্রধান সাংস্কৃতিক ও চলচ্চিত্র কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ লক্ষ্যে সরকার একটি আধুনিক থিয়েটার কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সাংস্কৃতিক পরিবেশকে শক্তিশালী করা এবং চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে সহায়তা দেয়ার ওপর জোর দিয়েছেন।
বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। চলচ্চিত্র অঙ্গনে তার এই গ্রহণযোগ্যতা সরকারের সাংস্কৃতিক নীতি প্রণয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।





