মুম্বাইয়ে বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক; ভ্যান থেকে দিলেন সেলফি

পুলিশের ভ্যানে বসে সঙ্গীদের সঙ্গে হাস্যোজ্জ্বল বলিউড অভিনেতা ইমরান খান
বিদেশে এখন
0

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ প্রদর্শনকালে বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার সময় তাকে আটক করা হয়। আটকের পর পুলিশের ভ্যান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সেলফি পোস্ট করে এই অভিনেতা রসিকতা করে লিখেছেন, ‘মনে হচ্ছে আমি লং ড্রাইভে যাচ্ছি।’

মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ করার কোনো অনুমতি নেয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কেবল আজাদ ময়দানেই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা যায়। তবে সিজেপির কর্মীদের দাবি, তারা অনুমতির আবেদন জানিয়ে মুম্বাই পুলিশকে ইমেইল পাঠালেও কোনো উত্তর পাননি।

এদিকে সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দিল্লির যন্তর মন্তরে আয়োজিত সমাবেশ থেকে অন্তত ১ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেহা বোরা রয়েছেন।

ভোটার তালিকা পুনর্বিন্যাসে (এসআইআর) অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, ভোটার তালিকা হালনাগাদসংক্রান্ত প্রক্রিয়া নিয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি। এরপরই জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবি জোরালো হয়।

অভিনেতা ইমরান খান আগে থেকেই সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা পালন করে আসছেন। এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ইমরান মনে করেন, একজন প্রকৃত শিল্পীর কাজের মধ্যে তার ব্যক্তিগত মতামত ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হওয়া উচিত। ২০০৮ সালে ‘জানে তু... ইয়া জানে না’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া ইমরান ‘দিল্লি বেলি’ ছবির জন্য বেশ সমাদৃত।

এএম