যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমরের বাড়িতে অভিযান, আইনি তদন্ত জোরদার

ইলহান ওমর
বিদেশে এখন
0

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে তার অভিবাসন সংক্রান্ত নথিপত্রে অনিয়মের অভিযোগে শুরু হওয়া তদন্তে গ্র্যান্ড জুরি তার বেশ কয়েকজন আত্মীয়সহ এক ডজনের বেশি মানুষকে তলব করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পর্শকাতর এই তদন্তের বিষয়ে অবহিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিনেসোটার একটি গ্র্যান্ড জুরি ইলহান ওমরের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে। গত সোমবার ওয়াশিংটন ডিসিতে ইলহানের বাসভবনে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্টরা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন ইঙ্গিত দিয়েছেন যে ওমরের পরিবারের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র তৈরিতে কোনো অপরাধ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো বলেন, ‘ইলহান ওমরের বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত চলছে।’ তিনি জানান, এই কংগ্রেস সদস্যের আর্থিক লেনদেন ও সম্পত্তির হিসাব সংক্রান্ত বিষয়গুলো নিয়েও তার দপ্তর অনুসন্ধান চালাচ্ছে। কোনো অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পিরো।

এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন ইলহান ওমর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি লেখেন, ‘১০ বছর ধরে ট্রাম্প আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এটি তার রাজনৈতিক ভয়ভীতি দেখানোর প্রচারণার নতুন রূপ মাত্র। আমাকে এভাবে চুপ করানো যাবে না।’ কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে রাজনৈতিক শত্রুদের দমনে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সাধারণত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৬০ দিনের মধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে জনসমক্ষে তদন্তমূলক পদক্ষেপ না নেয়ার দীর্ঘদিনের রেওয়াজ রয়েছে মার্কিন বিচার বিভাগের। তবে নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ইলহান ওমরের বাড়িতে এমন তল্লাশির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট নেতারা। বিরোধী ডেমোক্র্যাটিক রাজনৈতিক শত্রুকে আঘাত করতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করছেন তারা।

২০১৮ সালে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন ইলহান ওমর। মিনেসোটার ৫ম ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করা ইলহান ওমর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম দুজন মুসলিম নারী এবং প্রথম আফ্রিকান শরণার্থীদের একজন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল কংগ্রেস সদস্যদের জোট দ্য স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

এএম