অভিযুক্তদের মধ্যে ২৪ বছর বয়সী মোহাম্মদ আহমদ আবদুল করিমের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে বিমানঘাঁটির কাছে ঘটে যাওয়া এক ঘটনার জেরে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। অপর অভিযুক্ত ২৪ বছর বয়সী নোমান এসঘিরের বিরুদ্ধে গত ২২ আগস্ট যুক্তরাজ্যের স্বার্থবিরোধী উদ্দেশ্যে নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগ আনা হয়। তাদের দুজনকেই পরে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
কাউন্টার টেররিজম পুলিশের প্রধান ও সহকারী কমিশনার লরেন্স টেলর জানান, ওয়েস্টমিনস্টারের বাসিন্দা নোমান এসঘিরের বিরুদ্ধে গত ২২ আগস্টের সন্দেহজনক তৎপরতার জেরে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা আইন ২০২৩-এর ৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। নোমানকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল গত ২৭ সেপ্টেম্বর বিমানঘাঁটির কাছ থেকে। পরে ২০ অক্টোবর তাকে আবারও গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ওই ঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক ভ্যান দেখা যায়। তল্লাশি চালিয়ে গাড়িগুলোর ভেতর পেট্রোল পায় পুলিশ। ঘটনার পর বিমানঘাঁটির চারপাশে কয়েক দিন ধরে ব্যাপক নিরাপত্তাবলয় তৈরি করে রাখা হয়।
কাউন্টার টেররিজম পুলিশের তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সেপ্টেম্বর মাসে বিমানঘাঁটির আশপাশ থেকে পাঁচজনকে আটক করা হয়। শুরুতে তাদের বিস্ফোরক আইনের অধীনে গ্রেপ্তার করা হলেও পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক দেখানো হয়।
এদিকে এ ঘটনায় গত সপ্তাহে পুনরায় গ্রেপ্তার হওয়া ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি নাগরিককে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে। তবে চলতি মাসের শুরুতে প্রথম গ্রেপ্তারের পর তিনি এখনো পুলিশি জামিনে রয়েছেন বলে কাউন্টার টেররিজম পুলিশ জানিয়েছে।





