ক্রাকোভে বন্দুক হামলায় নিহত ৬, পোল্যান্ডে দুই দিনের জাতীয় শোক

পোল্যান্ডের ক্রাকোভে ঘটনাস্থলে নিরাপত্তা দিচ্ছেন সশস্ত্র পুলিশ সদস্যরা
বিদেশে এখন
0

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কি।

প্রেসিডেন্টের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট এক ডিক্রি জারির মাধ্যমে ৮ ও ৯ নভেম্বর সমগ্র পোল্যান্ডজুড়ে জাতীয় শোক ঘোষণা করেছেন। মধ্যরাত থেকেই শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে ক্রাকোভের ব্যস্ত প্রধান বাজার চত্বরে (মেইন মার্কেট স্কয়ার) গাড়ি চালিয়ে ঢুকে পড়ে এক বন্দুকধারী। এরপর সে সেখানে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। হামলাকারী কট্টর ডানপন্থি মতাদর্শে উদ্বুদ্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় নিহত ছয়জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। এছাড়া অনেকে গুরুতর আহত হয়েছেন।

নিহতদের প্রতি সম্মান জানিয়ে দেশটিতে সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। টেলিভিশন ও বেতার চ্যানেলগুলো তাদের নিয়মিত অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনেছে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের লোগোর সঙ্গে কালো ফিতা যুক্ত করা হয়েছে।

এএম