ইসরাইলে ডে-কেয়ারে ১৭ শিশুর ওপর ৪০০ বারের বেশি নির্যাতনের অভিযোগ

আদালতে অভিযুক্ত তিন নারী
বিদেশে এখন
0

ইসরাইলের একটি বেসরকারি ডে-কেয়ার সেন্টারে ছয় মাস থেকে তিন বছর বয়সী ১৭ শিশু ও খুদে শিশুর ওপর ৪০০ বারের বেশি নির্যাতন ও হামলার অভিযোগে অভিযোগপত্র জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। গত রোববার লডের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে এই অভিযোগপত্র জমা দেয়া হয়। দ্য জেরুজালেম পোস্টে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের একটি বেসরকারি ডে-কেয়ার সেন্টারে ১৭ শিশু ও ছোট শিশুর ওপর ৪০০ বারের বেশি নির্যাতন ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডে-কেয়ারটির পরিচালক ও দুই পরিচর্যাকারীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

রোববার লডের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে অভিযোগপত্র জমা দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, আরিয়েলের লুচিক ডে-কেয়ার সেন্টারের পরিচালক ৩৭ বছর বয়সী নাতালিয়া কাসিলেভস্কি এবং সেখানকার দুই পরিচর্যাকারী ৩৭ বছর বয়সী দারিনা হালুফা ও ৪০ বছর বয়সী আনা পাগেলস্কি। নির্যাতনের শিকার শিশুদের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে।

অভিযোগপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। শিশুদের ওপর নিজেদের কর্তৃত্ব এবং তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাঁরা বিভিন্ন ধরনের শাস্তির পদ্ধতি প্রয়োগ করতেন।

অভিযোগ অনুযায়ী, শিশুদের মাথা চেপে ধরে হাত, কাগজ বা কাপড় দিয়ে শ্বাস নেয়ার পথ বন্ধ করে দেয়া হতো। এ সময় শিশুদের ঘাড়ের পেছনে চাপ দিয়ে তাদের নড়াচড়া করতে বাধা দেওয়া হতো। কখনো শিশুদের ঝাঁকানো, মাথা ও শরীর সামনের দিকে বাঁকিয়ে দীর্ঘ সময় গদির ওপর চেপে ধরার অভিযোগও রয়েছে।

কিছু ক্ষেত্রে শিশুরা হাঁপাতে শুরু করার পরও তাদের শ্বাস নেওয়ার পথ বারবার বন্ধ করে দেয়া হতো। এতে শিশুদের মুখ লাল হয়ে যেত, শ্বাস নিতে কষ্ট হতো এবং তারা ভারসাম্য হারিয়ে ফেলত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিশুদের কাপড় ও কম্বল দিয়ে শক্ত করে পেঁচিয়ে হাত শরীরের সঙ্গে আটকে রাখার অভিযোগও রয়েছে। এভাবে তাদের উপুড় করে শুইয়ে রাখা হতো, যাতে তারা নড়াচড়া করতে না পারে। কখনো এ অবস্থায় শিশুদের জোর করে খাবার খাওয়ানো হতো। পরিচর্যাকারীরা শিশুদের মাথা পেছনে হেলিয়ে চোয়াল খুলতে চাপ দিতেন এবং দ্রুত মুখে পিউরি করা খাবার ঢুকিয়ে দিতেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

এছাড়া কাগজ দিয়ে শিশুদের মুখ জোরে ঘষে মোছা এবং শাস্তি হিসেবে দীর্ঘ সময় অন্ধকার ও বন্ধ ঘরে একা আটকে রাখার অভিযোগও আনা হয়েছে। এ সময় শিশুদের কান্না ও বের হওয়ার চেষ্টা উপেক্ষা করা হতো।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, অন্য শিশুদের সামনেই এসব নির্যাতনের ঘটনা ঘটতো। ফলে তারাও নিয়মিত সহিংসতার দৃশ্য দেখতো। কোনো কোনো শিশু নির্যাতনের শিকার শিশুর কান্না শুনে কাঁদতো এবং তার কাছে এগিয়ে যেতো। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা একে শিশুদের ওপর মানসিক নির্যাতন হিসেবেও বিবেচনা করেছেন।

অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত পরিচর্যাকারী হিসেবে অপ্রাপ্তবয়স্ক বা অসহায় ব্যক্তিকে নির্যাতন, শারীরিক ক্ষতিসহ হামলা এবং গুরুতর পরিস্থিতিতে হামলার অভিযোগ আনা হয়েছে। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সামারিয়া জেলার তদন্ত ও গোয়েন্দা ইউনিটের বিশেষ দল এবং আরিয়েল পুলিশ স্টেশন যৌথভাবে ঘটনাটির তদন্ত করেছে।

এএম