জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে, নতুন প্রত্যাশা নিয়ে তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় ২শ’টি দেশের প্রতিনিধিরা। এবারের জলবায়ু সম্মেলনের লক্ষ্য শুধু বড় বড় প্রতিশ্রুতি বা ঘোষণায় সীমাবদ্ধ থাকা নয়, বরং বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ।
শক্তিশালী এল নিনোর প্রভাবে, ইতিহাসের উষ্ণতম চারটি বছরের একটি হওয়ার পথে ২০২৬। বিশ্বের নানা প্রান্তে স্বল্প সময়ের ব্যবধানে আবহাওয়ার চরমভাবাপন্ন প্রবণতা তো বাড়ছেই, সেইসঙ্গে বাড়ছে স্থায়িত্ব, ক্ষয়ক্ষতি, ধ্বংসযজ্ঞ। এমন পরিস্থিতিতে সোমবার আন্তালিয়ায় পর্দা উঠলো জাতিসংঘের ৩১তম জলবায়ু শীর্ষ সম্মেলনের।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সিমন স্টিয়েল বলেন, ‘গত বছর বিশ্বব্যাপী প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে নবায়নযোগ্য জ্বালানির কারণে এবং শুধু চলতি বছরের প্রথমার্ধেই আরও ২৬৫ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। বিনিয়োগে প্রমাণিত সুফল সম্ভব খাপ খাইয়ে নেয়ার মাধ্যমে। বাস্তবসম্মত সমাধানে এসব প্রতিকার আরও বেশি মানুষের কাছে, আরও বেশি জায়গায়, অনেক দ্রুত পৌঁছানো সম্ভব।’
দুই সপ্তাহব্যাপী আয়োজনে আলোচনার টেবিলে উঠবে জলবায়ু অর্থায়ন, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে এরইমধ্যে বিপর্যস্ত জনগোষ্ঠীর সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এখন বড় প্রশ্ন, বিশ্বনেতাদের আলোচনা, প্রতিশ্রুতি কতটা বাস্তব পদক্ষেপে রূপ নেবে?
আরও পড়ুন:
বিশেষ করে যেখানে বিশ্ব রাজনীতির শিখরে বসে থাকা এবং সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর শীর্ষ নেতারাই থাকছেন না এ আয়োজনে। বিগত বছরের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারও অংশ নিচ্ছেন না জলবায়ু শীর্ষ সম্মেলনে; অনুপস্থিত থাকবেন ফ্রান্স-জার্মানি-কানাডার রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
গ্রিনপিস প্রতিনিধি দলের প্রধানের জেস্পার ইনভেন্টর বলেন, ‘আলোচনায় বড় ধরনের অনাস্থা লক্ষ্যণীয়, বিশেষ করে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। আলোচ্যসূচি নিয়ে দুশ্চিন্তাতেই এটি স্পষ্ট। উদ্বোধনী অধিবেশনে বোঝা না গেলেও, জলবায়ু অর্থায়ন নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে।’
তাহলে জলবায়ু নিয়ে বিশ্বনেতাদের একের পর এক প্রতিশ্রুতির কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে? নাকি সবই মিথ্যা আশ্বাসের ফুলঝুড়ি? তুরস্কের আন্তালিয়ায় জড়ো হওয়া, জলবায়ু পরিবর্তনের মাশুল দেয়া দেশগুলোর প্রতিনিধিরা এবারও কি ফিরবেন শূন্য হাতে? সম্মেলনে অংশ নেয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধি ও জলবায়ুকর্মীরা তুলে ধরছেন নিজেদের প্রত্যাশা। তালিকায় আছে, সম্প্রতি বিধ্বংসী হিমবাহ ধস ও বন্যায় দেড় হাজার মানুষের মৃত্যু ও কয়েক হাজার মানুষ নিখোঁজের সাক্ষী, নেপাল।
নেপালের প্রতিনিধি সাগর ঢাকাল বলেন, ‘সারা বিশ্ব জানে যে জলবায়ু পরিবর্তন আমাদের হিমালয় পর্বতমালার জন্য কী অর্থ বহন করে। মাত্র ১০ মিনিটে আমরা আনুমানিক সাত হাজারের বেশি মানুষ হারিয়েছি, জিডিপির প্রায় ১০ শতাংশ নিশ্চিহ্ন হয়ে গেছে, জ্বালানি ব্যবস্থার ২৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে। এই মাত্রার বিপর্যয় আমরা আগে কখনও দেখিনি। এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। আমাদের সমস্যাগুলোকে বিশ্ববাসীর নজরে আনা প্রয়োজন এবং এটাই সঠিক সময়।’
জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, শিল্পবিপ্লবের আগের সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার এর মধ্যেই ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহতম পরিণতি এড়াতে তাপমাত্রা বৃদ্ধির এই সীমা নির্ধারণ করা হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহারের পর, আন্তর্জাতিক জলবায়ু আলোচনার মূল ভিত্তি হিসেবে পরিচিত ১৯৯২ সালের জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন থেকেও নাম প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
জলবায়ু আলোচনায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দ্বিতীয় শীর্ষ দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিশ্ব কূটনীতিকে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া আরও কঠিন হয়ে উঠতে পারে জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা এবং কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা।





