পরকীয়ার স্বীকারোক্তি এনভিডিয়া প্রধানের; বিচ্ছেদে হারাতে পারেন ৭৭৫০ কোটি ডলার

পরকীয়ার স্বীকারোক্তি এনভিডিয়া প্রধানের, বিচ্ছেদে হারাতে পারেন ৭৭৫০ কোটি ডলার
বিদেশে এখন
0

বাজারমূল্যের দিক থেকে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান চিপ নির্মাতা এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে তিনি তার স্ত্রীর সঙ্গে প্রতারণা ও ‘অবিশ্বস্ত’ থাকার কথা জানান। এই স্বীকারোক্তির পর চার দশকের দাম্পত্যের সম্ভাব্য বিচ্ছেদ এবং তার রেকর্ড পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ইমেইলে এনভিডিয়া প্রধান লেখেন, ‘আমার এই আচরণ আমার স্ত্রী ও সন্তানদের গভীরভাবে আঘাত করেছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি অত্যন্ত দুঃখিত।’ পরিবারকে ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘ভালোবাসা ও সমর্থন পেলেও আমি তাদের হতাশ করেছি। আমার ভুলের পুরো দায় আমি নিচ্ছি এবং এর সঙ্গে আসা যেকোনো সমালোচনা মেনে নিচ্ছি। একটি ক্ষমা প্রার্থনা দিয়ে আমার ভুল মোছা সম্ভব নয়। আমি আশা করি আমাদের পরিবার এই সংকট কাটিয়ে উঠবে এবং সময়ের পরিক্রমায় আমি তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে পারব।’

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫ হাজার ৫৪০ কোটি (১৫৫.৪ বিলিয়ন) ডলারের সম্পদ নিয়ে বিশ্বের দশম শীর্ষ ধনী জেনসেন হুয়াং। ৪১ বছর একসঙ্গে কাটানোর পর স্ত্রী লরি মিলসের সঙ্গে যদি শেষ পর্যন্ত তার বিবাহবিচ্ছেদ ঘটে, তবে তা হতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদের ঘটনা। এর আগে ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাককেঞ্জি স্কটের বিচ্ছেদে প্রায় সাড়ে ৩৫ বিলিয়ন ডলারের রেকর্ড নিষ্পত্তি হয়েছিল।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করায় সেখানকার সম্পত্তি বিভাজন আইন অনুযায়ী বৈবাহিক জীবনের সব সম্পদ সমান দুই ভাগে ভাগ হওয়ার নিয়ম রয়েছে। ১৯৮৫ সালে বিয়ের আট বছর পর ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং। ফলে তার বর্তমান সম্পদের বড় অংশই বিয়ের পরবর্তী সময়ের। সে হিসাবে বিচ্ছেদ কার্যকর হলে লরি মিলস প্রায় ৭ হাজার ৭৫০ কোটি (৭৭.৫ বিলিয়ন) ডলার এবং কোম্পানির বড় অঙ্কের শেয়ার পাওয়ার দাবিদার হতে পারেন। তবে এই স্বীকারোক্তি শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদে গড়াবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

হুয়াংয়ের এই স্বীকারোক্তি এমন এক সময়ে এল, যার কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় যে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। মার্কিন গোয়েন্দারা ওই নারীকে গুপ্তচর হিসেবে সন্দেহ করার পর বিষয়টি নিয়ে এনভিডিয়া কর্তৃপক্ষ ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

—এনডিটিভির প্রতিবেদনে অবলম্বনে

এএম