আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) বিএসটিআইয়ের মোবাইল কোর্ট চলাকালে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেয়ার প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে বেগম রোকেয়া সরণির ২২০/এ-২, পশ্চিম কাফরুলে অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের দু’টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেয়ার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দু’টি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেয়ার প্রমাণ মেলে।
আরও পড়ুন:
জ্বালানি তেল পরিমাপে এ ধরনের প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেয়া হয়।
ঢাকা মহানগরীর পশ্চিম কাফরুল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে ডিএমপি পুলিশ সহায়তা প্রদান করে।
মোবাইল কোর্টে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল কাদের, ফিল্ড অফিসার (সিএম) এবং আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি)।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





