আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ইরানে পুনরায় যুদ্ধ শুরু করতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। তবে নতুন করে সংঘাত শুরুর বিরোধী হোয়াইট হাউসের ভেতরের ও বাইরের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব নেতানিয়াহুর এই চাপ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছেন। ইসরাইল পরিস্থিতি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু হামলা পুনরায় শুরু করতে চাইলেও এই মুহূর্তে ট্রাম্পকে রাজি করানোর মতো সুসংহত কোনো তৎপরতা তেল আবিবের ভেতরে নেই।
ফিন্যান্সিয়াল টাইমস আরও জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে কূটনীতিকে আরও সময় দেয়ার আহ্বান জানিয়েছেন। আঞ্চলিক নেতাদের আশঙ্কা, নতুন করে সংঘাত শুরু হলে ইরান আরও বড় ধরনের পাল্টা জবাব দিতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলবে।
এর আগে সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, প্রায় নয় মাস ধরে চলা এ যুদ্ধ অবসানের দিকে একটি ইতিবাচক গতি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলেও মন্তব্য করেন তিনি। ইসরাইলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু তেহরানের সরকারকে উৎখাত করার লক্ষ্যে যৌথ মার্কিন-ইসরাইলি হামলার ওপর জোর দিয়ে আসছেন।





