ইরানের তাসনিম বার্তা সংস্থায় প্রচারিত ভিডিও ফুটেজে ভূগর্ভস্থ এই সুবিশাল সামরিক স্থাপনাটি প্রদর্শন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর ভ্রাম্যমাণ উৎক্ষেপক যান দেখা গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি স্থাপনাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে আলী আবদুল্লাহি বলেন, ‘শত্রু যদি আমাদের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নেয়, তবে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে।’ উন্নত প্রযুক্তির এসব ক্ষেপণাস্ত্র তাদের রণকৌশলগত কার্যকারিতা দিয়ে শত্রুপক্ষকে চমকে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
সামরিক বিশ্লেষকদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র শহরে ‘ফাত্তাহ-১’ এবং ‘খেইবার শেকান’ মডেলের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রাখা হয়েছে। এছাড়া সাধারণ বেসামরিক পণ্যবাহী ট্রাকের আদলে তৈরি বিশেষ সামরিক যানও সেখানে দেখা গেছে। এসব ট্রাক বাইরে থেকে সাধারণ পণ্যবাহী যান মনে হলেও ভেতরে ক্ষেপণাস্ত্র লুকানো থাকে, যা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ওপরের দিকে তুলে সরাসরি উৎক্ষেপণ করা যায়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একাধিক দফা বিমান হামলার পরও নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত ও সক্ষমতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে—এমন বার্তা দিতেই এই ভূগর্ভস্থ শহরটি সামনে এনেছে তেহরান। গত মার্চে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, সামরিক অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে নতুন এই চিত্র প্রমাণ করে, মাটির গভীরে সুড়ঙ্গ আকারে সুরক্ষিত থাকায় এসব ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করা সম্ভব হয়নি।
এর আগে রোববার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, ইরান শুধু মাটির নিচে ক্ষেপণাস্ত্র মজুতই করছে না, বরং মাটির গভীরে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন শহর’ গড়ে তুলেছে। ফলে শত্রুর তীব্র বোমাবর্ষণের মধ্যেও নিরবচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদন ও সংযোজন চালিয়ে যাওয়া সম্ভব হবে। সংকট সমাধানে কাতার যখন মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের পর কূটনৈতিক অগ্রগতির আলোচনা চলছে, ঠিক তখনই এই শক্তির জানান দিলো ইরান।
—জেরুজালেম পোস্টের প্রতিবেদনে অবলম্বনে





