রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ; যুক্তরাজ্যে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে দায়িত্বরত মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। সন্ত্রাসবাদ দমন বিভাগের দীর্ঘ তদন্তের পর দেশটির গ্লস্টারশায়ার এলাকা থেকে ৪১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যে অবস্থানরত কোনো মার্কিন সেনার বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হওয়ার ঘটনা এটিই প্রথম।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ জাতীয় নিরাপত্তা আইন ২০২৩-এর ১ ও ৩ নম্বর ধারার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধারায় রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। আইন অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ গঠন ছাড়াই তাকে ১৪ দিন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা যাবে। বিবিসির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই সেনা কর্মকর্তা গ্লস্টারশায়ারের ইনসওয়ার্থের ইমজিন ব্যারাকে নিয়োজিত ছিলেন, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ‘অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পস’ (এআরআরসি)-এর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি। তদন্তের অংশ হিসেবে গ্লস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হয়েছে।

ব্রিটিশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের জ্যেষ্ঠ সমন্বয়ক ভিক্কি ইভান্স জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমেই এই অভিযান পরিচালিত হয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেন, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গভীর উদ্বেগের বিষয়। শপথ ভঙ্গ করে যারা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে, এফবিআই তাদের বিন্দুমাত্র ছাড় দেবে না। তিনি জানান, গত ২১ মাসে এফবিআই কাউন্টার-ইন্টেলিজেন্স ও গুপ্তচরবৃত্তি সংক্রান্ত মামলায় ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে, যা আগের তুলনায় ৫৩ শতাংশ বেশি। মার্কিন সেনাবাহিনীর কাউন্টার-ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিঞ্চন এই তদন্তকে দুই দেশের অংশীদারত্বের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি যে কতটা বাস্তব, এই ঘটনা সেটাই মনে করিয়ে দেয়।

যুক্তরাজ্যে সম্প্রতি রুশ সংশ্লিষ্টতায় গুপ্তচরবৃত্তির অভিযোগ বেড়েছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরেও রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযানের পর লন্ডনের সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

— আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম