প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ বৈঠকের পর রুবিও সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমেই যদি লক্ষ্য অর্জিত হয়, তবে সামরিক হামলার প্রয়োজন পড়ে না। কৌশলগত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় মার্কিন বাহিনী অবস্থান বজায় রাখবে বলেও জানান তিনি। তবে মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পেছনে তিনি এই যুদ্ধকে বড় কারণ হিসেবে দায়ী করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন, যুদ্ধের জেরে পেট্রোলের মূল্যবৃদ্ধি ও জনঅসন্তোষ নির্বাচনে বড় প্রভাব ফেলেছে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সামরিক অভিযান শুরু করা অথবা সরাসরি সমঝোতায় যাওয়ার টানাপোড়েনের মধ্যে একটি মাঝামাঝি অবস্থান বেছে নিয়েছেন ট্রাম্প। তিনি পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে তেহরানের ওপর অবরোধ ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছেন। এই পরিকল্পনাকে সমর্থন করছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তবে দীর্ঘমেয়াদি এই অর্থনৈতিক অবরোধের ফলে নিজেদের বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় রয়েছে পাকিস্তান, ইরাক ও তুরস্কের মতো আঞ্চলিক অংশীদারেরা।
রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়ন করে ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোরতাজাভি উল্লেখ করেন, নির্বাচনে পরাজয়ের কারণে নতুন করে যুদ্ধ বাড়ানোর রাজনৈতিক ঝুঁকি অনেক বেড়ে গেছে, যা ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী অবস্থানকে আরও জোরালো করেছে।
এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে সুর কিছুটা নমনীয় করার আভাস মিললেও তেহরান নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সামরিক শক্তি প্রদর্শন বা নিষেধাজ্ঞা জোরদার করে এই সংকটের সমাধান হবে না; পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ইরানের দাবি মানলেই কেবল সমঝোতা সম্ভব। অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি শান্তি আলোচনার দাবিকে বানোয়াট প্রচারণা আখ্যা দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন শর্ত মেনে কোনো ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না এবং নতুন হামলা হলে দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিতেও পাল্টা আঘাত হানা হবে।





