যাশার দলের এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠনের জন্য ঘোষিত চার মূলনীতির ভিত্তিতে সব সংসদীয় দলের সঙ্গে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে বুধবার লিকুদ প্রতিনিধিদের সঙ্গে আইজেনকোটের প্রতিনিধিদলের একটি প্রাথমিক বৈঠক নির্ধারিত ছিল। তবে নেসেটের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রীর দেয়া বিভেদমূলক বক্তব্য এবং আচরণকে ‘মর্যাদাহীন’ আখ্যা দিয়ে বৈঠক বাতিলের নির্দেশ দেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।
যাশার দলের পক্ষ থেকে দাবি করা হয়, ইসরাইলি নাগরিকদের ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্ত করার পথই বেছে নিয়েছেন নেতানিয়াহু। বিবৃতিতে বলা হয়, দেশের সংকটময় মুহূর্তে জাতীয় সমাজের সংহতি রক্ষা করার চেয়ে যেকোনো মূল্যে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখাকেই নেতানিয়াহু সব সময় অগ্রাধিকার দিয়ে থাকেন। এর আগে অবশ্য ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় বিরোধী নেতাদের এক হয়ে জরুরি ঐকমত্যের সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু। তবে তার পুরো বক্তব্যকে ‘বিভ্রান্তিকর, বিভেদমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে প্রত্যাখ্যান করেন আইজেনকোট।
আইজেনকোটের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় লিকুদ পার্টি জানিয়েছে, জাতীয় ঐক্যের স্বার্থে যেকোনো দলের সঙ্গে আলোচনায় বসতে নেতানিয়াহু প্রস্তুত রয়েছেন। তবে আইজেনকোটের দল একদিকে লিকুদের সঙ্গে আলোচনা বাতিল করেছে, অন্যদিকে নেসেটে জাতীয় সংগীতের সময় ওয়াকআউট করা আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের তৎপরতা চালাচ্ছে—যা লিকুদের ভাষায় ‘বিস্ময়কর ও বিভ্রান্তিকর’। তবে সার্বিক পরিস্থিতির মধ্যেও জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রচেষ্টা নেতানিয়াহু অব্যাহত রাখবেন বলে লিকুদের পক্ষ থেকে জানানো হয়েছে।





