আর্লিংটন স্মৃতিসৌধে নিয়ম ভেঙে হাসাহাসি; পিট হেগসেথকে সতর্ক করলেন প্রহরী

‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ প্রাঙ্গণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতিনিধিদল (বাঁয়ে) এবং কর্তব্যরত এক সেনাপ্রহরী (ডানে)
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ (অজ্ঞাত সেনার সমাধি) প্রাঙ্গণে হাসাহাসি করে ভাবগম্ভীর পরিবেশ বিনষ্ট করায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার প্রতিনিধিদলকে ভর্ৎসনা করেছেন পাহারারত এক সেনা প্রহরী। গতকাল (বুধবার, ১১ নভেম্বর) এক অনুষ্ঠান চলাকালে নিয়ম লঙ্ঘনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনে প্রথম প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভেটেরান্স ডের অনুষ্ঠান শেষে স্মৃতিসৌধের সিঁড়িতে ওঠার সময় হেগসেথ, তার স্ত্রী ও জ্যেষ্ঠ উপদেষ্টারা একে অপরের সঙ্গে কথা বলছিলেন এবং ছবি তুলছিলেন। এ সময় তাদের মধ্য থেকে হাসির শব্দ শোনা যাওয়ার পরপরই সেখানে পাহারার দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর এক সেন্টিনেল (প্রহরী) দ্রুত তাদের দিকে এগিয়ে যান। তিনি দূর থেকেই চিৎকার করে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মান বজায় রাখতে হবে।’

আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের কেন্দ্রে অবস্থিত এই স্মৃতিসৌধটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক সেনাসহ তিন অজ্ঞাত মার্কিন সেনার সমাধিস্থল। সামরিক বাহিনীর আত্মত্যাগের স্মরণে অত্যন্ত পবিত্র এই স্থানটিতে দিনরাত ২৪ ঘণ্টাই প্রহরীরা দায়িত্ব পালন করে থাকেন।

এ বিষয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে জানান, এই ভাবগম্ভীর দিনে একজন সৈনিক অত্যন্ত সঠিক ও সম্মানজনকভাবেই সবাইকে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো দপ্তর দেশের সুরক্ষায় সামরিক বাহিনীর নারী ও পুরুষ সদস্যদের আত্মত্যাগকে সব সময়ই সর্বোচ্চ সম্মান জানায়।

সাবেক আর্মি ন্যাশনাল গার্ড সদস্য ও ইরাক যুদ্ধে অংশ নেয়া হেগসেথ চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে এক রিপাবলিকান আইনপ্রণেতার আনা অভিশংসন প্রস্তাব খারিজ হওয়ার পর নিজের পদ রক্ষা করতে পেরেছেন। ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে পেন্টাগনে এক বিরল সংবাদ সম্মেলনে হেগসেথ ওই অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে আখ্যা দেন। একই সঙ্গে অজনপ্রিয় ইরান যুদ্ধকে সমর্থন, লাতিন আমেরিকার জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী জলযানে আঘাত এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার মতো নিজের বিতর্কিত পদক্ষেপগুলোর সাফাই গান তিনি। তবে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা সামরিক বাহিনী পরিচালনায় হেগসেথের ভূমিকার আনুষ্ঠানিক তদন্তের অঙ্গীকার করেছে এবং ভবিষ্যতে নতুন করে অভিশংসনের প্রচেষ্টার বিষয়টিও উড়িয়ে দেয়নি।

এএম