ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রুখে দিতে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এরপর, তারা ইরানের ল্যামার্ড শহরে প্রথমবার প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা ‘পিআরএসএম’ ব্যবহার করে। এরপর তারা ‘মাদার অফ অল বম্বস’- ব্যবহারেরও হুমকি দেয়। নিজের এক্স একাউন্টে এভাবেই মার্কিন যুদ্ধনীতির কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
পরে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দেয়া বক্তব্যে, যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেন ইরানের প্রেসিডেন্ট।
এরমধ্যেই, নিজেদের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে স্থানান্তরের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দেয়া রাশিয়াকেও তেহরানের এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
একই দিন ইরানের নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন অনুষ্ঠানে ভবিষ্যৎ যুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান। এদিন ভূগর্ভস্থ এই ঘাঁটিতে হাইপারসনিক ‘ফাত্তাহ’ এবং ‘খোররামশহর’সহ বিপুল পরিমাণ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা প্রদর্শন করা হয়।
এছাড়া ইরানে নতুন করে হামলা হলে তাতে সহায়তাকারী মধ্যপ্রাচ্য-ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারিও দেন তিনি।
আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক এক্স বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেছেন, রুবিওর ভিত্তিহীন কথাবার্তাই যুক্তরাষ্ট্রকে ব্যর্থতার দিকে টেনেছে। ইরান যুদ্ধে কূটনৈতিক ব্যর্থতা এবং ওয়াশিংটনের অবস্থানকে অমানবিক ও ভুল ধারণার ওপর প্রতিষ্ঠিত বলেও উল্লেখ করেন তিনি।
এই যখন অবস্থা তখন, ভার্জিনিয়ায় সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, ইরানকে এরইমধ্যে সামরিকভাবে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। তবে, কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে, তা কেবল নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি। ইরান ১৯৭৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে যুদ্ধ চালিয়ে আসছে। এর সমাধান অনেক আগেই হওয়া উচিত ছিল। এই প্রশাসনের অধীনে। কেউ একজন পাল্টা রুখে দাঁড়িয়েছে। আমরা সবাই পাল্টা রুখে দাঁড়িয়েছি। জোরালোভাবেই রুখে দাঁড়িয়ে আমরা জিতেছি। এখন শুধু প্রশ্ন, আমরা কখন এর অবসান ঘটাতে চাই। আমরা পূর্ণ বিজয় নিশ্চিত করতে চাই, ৯৩ শতাংশ নয়। বিজয় হবে পূর্ণ।’
এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ কার্যকর করার পাশাপাশি হরমুজ প্রণালি খোলা রাখতে তাদের বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে।
অন্যদিকে, ভিন্ন ফ্রন্টে ইয়েমেনের এডেনে অবস্থিত সৌদি সামরিক কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। যদিও, হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।





