শুভ্র বরফে রৌদ্রজ্জল দিনে দেখা মিললো কিছু দাৌড়বিদের। উপলক্ষ্য এক ব্যতিক্রমী ম্যারাথন। এদের মধ্যেই ২৯ নম্বর জার্সি পরিহিত একজন আবার কিছুটা ব্যতিক্রম।
দেখে আর দশটা সাধারণ দৌড়বিদের মতো মনে হলেও, আদতে এটি একটি অত্যাধুনিক প্রযুক্তির হিউম্যানয়েড রোবট। তাকে পেয়ে ভীষণ খুশি অন্য প্রতিযোগীরাও। সবাই ব্যস্ত তার সাথে ছবি তোলায়।
অ্যান্টার্কটিকার ‘আল্টিমা ক্যাম্পে’ সম্প্রতি হয়ে গেলো ‘অ্যান্টার্কটিক আইস আল্ট্রা’ ম্যারাথন। যেখানে ইতিহাসে প্রথমবার মানুষের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় বিশেষ একটি রোবট, নাম কোয়েস্টার। বরফ ঠাণ্ডায় ম্যারাথনে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যারাথনে অংশ নিতে রোবটটিকে পরানো বিশেষ এক থার্মাল জ্যাকেট।
আরও পড়ুন:
আয়োজক অলিভার ওয়াং বলেন, ‘আমার মনে হয়, এটিই সারা বিশ্বের প্রথম রোবট যা মানুষের সঙ্গে, হ্যাঁ, আসল দৌড়বিদদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।’
তবে ইতিহাস গড়ে মানুষের সঙ্গে ম্যারাথনে অংশ নিলেও তীব্র ঠাণ্ডার কারণে ট্র্যাকে মাত্র তিন কিলোমিটার দৌঁড়েই পুরোপুরি শেষ হয়ে যায় ব্যাটারির চার্জ। ফলে, মাঝপথেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয় কোয়েস্টারকে।
অত্যাধুনিক এই রোবটটি ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ নামে বিশেষ এআই প্রযুক্তির মাধ্যমে নিজেই নিজের দৌঁড়ানোর ভঙ্গি তৈরি করে নেয়। বরফাবৃত, অসম ও অত্যন্ত পিচ্ছিল রাস্তায় রোবটটির ভারসাম্য বজায় রাখার সক্ষমতা দেখে আয়োজকরাও রীতিমতো অবাক।
রোবটটির মূল বাণিজ্যিক নির্মাতা প্রতিষ্ঠানের নাম এখনও সম্পূর্ণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। মানবিক বা হিউম্যানোয়েড রোবট মানুষের শরীরের আদলেই নির্মিত এক বিশেষ প্রযুক্তি সম্পন্ন রোবট। মানুষের প্রয়োজন এবং পরিবেশের সকল বিষয়ে তথ্য জানা, গবেষণা ও পরীক্ষামূলক ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়।





