আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল স্পেন-গ্রিস

প্রতিবাদে উত্তাল স্পেন
বিদেশে এখন
0

আবাসন ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে স্পেনে শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে যোগ দিয়ে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। আটক করা হয় বেশ কয়েকজনকে। এছাড়া, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুর চালায় আন্দোলনকারীরা। কার্যত অচল হয়ে পড়ে গোটা স্পেন। আবাসন খরচের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে গ্রিসেও। এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চিলির ট্রাকচালকরা।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ স্পেনের প্রায় সব শহর। আবাসন সংকট ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘটের ডাক দেয় দেশটির ৪০ লাখ শ্রমিকদের বৃহত্তম ইউনিয়নগুলো। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজধানী মাদ্রিদে ১ লাখ ২০ হাজার ও বার্সেলোনায় অর্ধলাখ মানুষ রাস্তায় নামে।

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, দেশটিতে আবাসনের ঘাটতি প্রায় সাড়ে ৭ লাখ। যা ২০২৮ সালে ১০ লাখে পৌঁছাবে। বাড়ি কেনার সামর্থ্য না থাকায় ভাড়া থাকার প্রবণতা বেড়েছে তীব্রভাবে। তবে জীবনযাত্রার উচ্চ ব্যয়ে স্পেনের তরুণদের মাসিক আয়ের বড় অংশ চলে যায় বাড়ি ভাড়ায়।

বিক্ষোভকারীদের দমাতে সহিংস হয়ে উঠে পুলিশ। লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে দুই পক্ষের মধ্যে। এ সময় দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ভাংচুর ও হামলা চালায় আন্দোলনকারীরা।

আরও পড়ুন:

সাধারণ ধর্মঘট পালনে মাদ্রিদের রাস্তায় নামলে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় দাঙ্গা পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। মাদ্রিদের প্রধান বাণিজ্যিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেয়া হয় শহরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এদিকে, প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রস্থলে বিশাল মিছিল সমাবেশ করে হাজারো মানুষ। সবার জন্য সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নিশ্চিতের দাবি জানায় তারা। বাসিন্দারা জানান, বাড়ি ভাড়া তাদের একেবারে শেষ করে দিচ্ছে। ২৯ নভেম্বর আগাম নির্বাচনের আগে এই গণবিক্ষোভে চাপে ফেলে দিয়েছে স্পেনের ক্ষমতাসীন দলকে।

আবাসনের উচ্চ খরচের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ গ্রিস। স্পেনের আন্দোলনকারীদের প্রতি একাত্মতা জানিয়ে রাজধানী এথেন্সের সড়কে নামে হাজারো মানুষ। গ্রিসে বাড়ির দাম ও ভাড়া এখন আকাশছোঁয়া। সাশ্রয়ী বাসা খুঁজে পেতে বিশেষ করে তরুণ দম্পতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিমশিম খাচ্ছে। তাদের আয়ের ৪০ শতাংশ চলে যাচ্ছে আবাসন খরচে।

এদিকে, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ও সড়ক অবরোধ করেছে চিলির ট্রাক চালকরা। দেশটির প্রধান বন্দরগুলোর সঙ্গে সংযুক্ত উত্তর-দক্ষিণ মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। সড়কে আটকে আছে শত শত যানবাহন। মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

এফএস