আবুধাবির পর এবার মস্কোয় শান্তি আলোচনা, পুতিনের সঙ্গে বসছেন ট্রাম্পের দূতেরা

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি চুক্তির লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ক্রেমলিনে বৃহস্পতিবার দিনটির প্রথম ভাগেই পুতিনের সঙ্গে তাদের এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সাড়ে চার বছরের এই যুদ্ধ বন্ধে দীর্ঘ নয় মাসের মধ্যে উভয় পক্ষের প্রথম সরাসরি ওই বৈঠকটি বড় ধরনের বন্দিবিনিময়ের সিদ্ধান্ত দিয়ে শেষ হলেও মূল সংকট সমাধানে কোনো প্রকাশ্য অগ্রগতি হয়নি। আবুধাবি আলোচনার পরপরই মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কুশনার ও উইটকফ। সেখানে তাদের স্বাগত জানান পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। রুশ প্রেসিডেন্টের সঙ্গে স্টিভ উইটকফের এটি দশম বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও এখন পর্যন্ত বড় কোনো সমঝোতার লক্ষণ মেলেনি। বিশেষ করে শান্তি প্রতিষ্ঠার শর্ত হিসেবে ইউক্রেনের পূর্বের পুরো দনবাস অঞ্চল ছেড়ে দেয়ার যে দাবি পুতিন জানিয়েছেন, তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ভূখণ্ডসংক্রান্ত বিষয়ে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ায় মার্কিন মধ্যস্থতাকারীরা এখন যুদ্ধপরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা ও ইউক্রেন পুনর্গঠনের ইস্যুগুলোকে সামনে এনে সমঝোতার পথ খুঁজছেন।

এদিকে মস্কোর এক জ্যেষ্ঠ কূটনীতিক বুধবার জানান, ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। তবে ইউরোপের বহু রাজনীতিক এর বিরোধিতা করে বলছেন, ইউক্রেনে যুদ্ধবিরতিসহ কার্যকর কোনো অগ্রগতি অর্জিত হওয়ার আগে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনার সুযোগ নেই।

—রয়টার্সের প্রতিবেদনে অবলম্বনে

এএম