নিউ ইয়র্ক অগ্নিনির্বাপণ দপ্তরের (এফডিএনওয়াই) কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, ১৯৩০ সালের তৈরি চার ইউনিটের ওই ভবনটি আকস্মিকভাবে ধসে পাশের নির্মাণ গর্তে আছড়ে পড়ে। ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের তালিকায় সাতটি শিশু ও একজন দমকলকর্মী রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারী কুকুর ও ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে।
এফডিএনওয়াই কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, ধসের সময় ভবনটিতে এবং পাশের নির্মাণস্থলে ঠিক কতজন মানুষ উপস্থিত ছিলেন তা এখনো নিশ্চিত নয়। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপ পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। নিহত ব্যক্তিদের মধ্যে ২৬ বছর বয়সী হোসে লুইস কাগওয়ানা নামের এক ইকুয়েডরিয়ান অভিবাসী নির্মাণশ্রমিকের পরিচয় নিশ্চিত করেছেন তার ভাই। কাগওয়ানার সন্তানসম্ভবা স্ত্রী ও এক শিশুসন্তান রয়েছে।
ভবনটি ধসে পড়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। আশপাশের ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা যাচাই করতে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে শহরটির ভবন নির্মাণ তদারকি দপ্তরের পরিদর্শকেরা ঘটনাস্থলে কাজ করছেন। দুর্ঘটনার পর নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন করতে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।





