কপ৩১-এ বাংলাদেশের পাটপণ্য প্রদর্শনী পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশের পাটপণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
দেশে এখন
0

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ৩১) গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে আনতালিয়ায় প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন।

প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আরও পড়ুন:

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্যের প্রতি বিভিন্ন দেশের প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনেকে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও জানিয়েছেন।

প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এসএস