এর আগে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী দাবি করে, তারা রিয়াদের দিকে ধেয়ে আসা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে ছোড়া ড্রোন আকাশে থাকতেই প্রতিহত করেছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা প্রদেশের সাবুয়াহ গ্রামে পড়েছে। বেসামরিক স্থাপনায় এমন হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
সৌদি ভূখণ্ডে হামলার এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই ইয়েমেনের ভেতরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সমর্থিত বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত মারাত্মক রূপ নিয়েছে। ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আল-জাওফ, মারিব, আল-বায়দা ও তাইজ প্রদেশে ব্যাপক অভিযানে অন্তত ১৩৮ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছে। একই সঙ্গে সৌদি জোটের যুদ্ধবিমানগুলো হুথিদের লক্ষ্য করে ২৩টি বিমান হামলা চালিয়ে তাদের বহু ভারী অস্ত্র ও সামরিক যান ধ্বংস করেছে। তবে সরকারি বাহিনীর তৎপরতার মধ্যেও আন্তর্জাতিক স্বীকৃত সরকারের প্রশাসনিক কেন্দ্র এডেনের আল-বুরাইকা জেলায় হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করা সম্ভব হয়নি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, এডেনের ওই এলাকায় সৌদি জোটের একটি গুরুত্বপূর্ণ সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দেশটিতে নতুন করে লড়াই ছড়িয়ে পড়ায় ৮ নভেম্বর পর্যন্ত হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে অন্তত ২ হাজার ৯৮ জন নিহত ও ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কেবল গত এক সপ্তাহেই বাড়িঘর ছেড়ে পালিয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। লড়াইয়ের প্রভাবে তাইজসহ সংঘাতপূর্ণ এলাকায় হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রে মারাত্মক জ্বালানিসংকট দেখা দিয়েছে।

 and Yashar leader Gadi Eisenkot-320x167.webp)



