বিরোধের মুখে আইজেনকোটকে নিরাপত্তা তথ্য দিতে রাজি নেতানিয়াহুর দপ্তর

নেসেটের শপথগ্রহণ-পরবর্তী অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু (ডানে) ও ইয়াশার নেতা গাদি আইজেনকোট
বিদেশে এখন
0

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত ইয়াসার দলের প্রধান গাদি আইজেনকোট এক যৌথ নিরাপত্তা ব্রিফিংয়ে বসতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেরুজালেমে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সামরিক সচিব গাই মার্কিজেনো এই ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে প্রয়োজনীয় গোয়েন্দা ও নিরাপত্তা তথ্য পেতে দেশটির অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপ চেয়েছিলেন আইজেনকোট। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিয়মিত ও কাঠামোগত গোয়েন্দা ব্রিফিং পাওয়ার দাবি জানিয়ে বুধবার ইসরাইলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারার কাছে আবেদন করেছিলেন আইজেনকোট। তার অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে নিয়মিত নিরাপত্তা ব্রিফিং দেয়ার অনুরোধ নাকচ করা হয়েছে। একই সঙ্গে ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তী সময়ে এমন কোনো ‘জরুরি নয় এমন সামরিক পদক্ষেপ’ না নেয়ার জন্য নেতানিয়াহুকে হুঁশিয়ার করেন আইজেনকোট, যা দেশটির জন্য মারাত্মক সংকট ডেকে আনতে পারে। মূলত নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনার খবরের প্রেক্ষাপটেই এই চিঠি দেন আইজেনকোট।

আইজেনকোটের চিঠির জবাবে বুধবার নেতানিয়াহুর দপ্তর দাবি করে, জাতীয় নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং স্পর্শকাতর এমন বিষয় নিয়ে জনসম্মুখে বিতর্ক তৈরি করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তবে এই টানাপোড়েনের মধ্যে ইসরাইল বেইতেনু দলের প্রধান আভিগদোর লিবারম্যানও নেতানিয়াহুকে হুঁশিয়ার করে বলেছেন, সব নিরাপত্তা কর্মকর্তার পূর্ণ সম্মতি এবং সংসদীয় তদারকি ছাড়া দেশকে যুদ্ধে টেনে নেয়ার মতো সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এদিকে পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান পদে লিবারম্যানের আনুষ্ঠানিক নিয়োগ আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। এর ফলে নতুন সরকার গঠনপ্রত্যাশী দলগুলো পার্লামেন্টের ওই কমিটির মাধ্যমে গোপন নিরাপত্তা তথ্যে প্রবেশাধিকার পাওয়া থেকে আপাতত বঞ্চিত হচ্ছে।

তবে বিরোধী শিবিরের এসব আপত্তির মুখে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বৃহস্পতিবার সাফ জানিয়েছেন, সামরিক অভিযান পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ বা আইনি কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, গাজা, লেবানন, সিরিয়া কিংবা ইরানের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সিদ্ধান্ত নেয়ার একমাত্র এখতিয়ার সরকারের রয়েছে এবং দেশের নিরাপত্তার স্বার্থে কোনো রাজনৈতিক প্রক্রিয়াকে বিবেচনায় নেয়া হবে না।

এএম