পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে—গ্রেটা থুনবার্গ

সুডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ
বিদেশে এখন
0

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবী আপনাআপনি ধ্বংসের পথে যাচ্ছে না, বরং তাকে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্মেলনে যোগ দেয়া শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিরা বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের প্রতিষ্ঠাতা ২৩ বছর বয়সী এই সুইডিশ কর্মী বলেন, ‘পৃথিবী নিজে থেকে মরছে না, তাকে হত্যা করা হচ্ছে এবং আমরা জানি কারা এর জন্য দায়ী।’ সম্মেলনকক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যাদের রক্ষার দায়িত্ব ছিল, তাদের দ্বারাই এই ধ্বংসযজ্ঞ চলছে। অথচ সাধারণ মানুষকে উদ্ধারে কেউ এগিয়ে আসছে না। চোখের সামনে অমূল্য জীবন, প্রতিবেশ ও বিভিন্ন প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের হাত থেকে মৌলিক মানবাধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

২০২১ সালের গ্লাসগো সম্মেলনের পর এবারই প্রথম কোনো কপ সম্মেলনে যোগ দিলেন থুনবার্গ। গ্লাসগোতে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে অন্তঃসারশূন্য বা ‘ব্লা ব্লা ব্লা’ আখ্যা দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেছিলেন তিনি। সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে বিশ্বজুড়ে চলা আন্দোলনে সক্রিয় থাকা থুনবার্গ আন্তালিয়ার মঞ্চ থেকেও তুরস্ককে ইসরাইলে জ্বালানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যৎ বিশ্ব আরও বড় গণহত্যা এবং প্রকৃতি ধ্বংসের মুখোমুখি হবে।

সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া, নেপাল, ফিলিস্তিন ও কানাডার অধিকারকর্মীরাও অংশ নেন। অস্ট্রেলিয়ার আদিবাসী ওয়াকায়া জনগোষ্ঠীর প্রতিনিধি রিকি ডাঙ্ক দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তেল ও গ্যাস উত্তোলনের মাধ্যমে তাদের ঐতিহ্যবাহী ভূমি ও সুপেয় পানি বিষাক্ত করে তোলা হচ্ছে। নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।

ফিলিস্তিনের ক্লাইমেট স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উসরফ অভিযোগ করেন, জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক অর্থনীতি ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ পরিচালনায় ভূমিকা রাখছে। নেপালের সংসদ সদস্য সাগর ঢাকাল হিমালয় অঞ্চলের হিমবাহ গলে ভূমিধসের মারাত্মক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান। কানাডার অধিকারকর্মী সেলিন ইসিম্বি সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির অনুপস্থিতির সমালোচনা করে বলেন, দুর্যোগের শিকার সাধারণ মানুষের জীবন রক্ষায় নেতারা কার্যকর কোনো সহায়তা দিতে ব্যর্থ হচ্ছেন।

এএম