জেনসেন হুয়াংয়ের বিদায়, এনভিডিয়ার হাল ধরলেন কোলেট ক্রেস

জেনসেন হুয়াং ও কোলেট ক্রেস
বিদেশে এখন
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ তৈরির বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগে বৈশ্বিক প্রযুক্তি বিশ্বে বড় ধরনের ধাক্কা লেগেছে। ৩৩ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠানটি থেকে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক ও চীনা গুপ্তচরবৃত্তির সন্দেহের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। হুয়াংয়ের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ তৈরির বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগে বৈশ্বিক প্রযুক্তি বিশ্বে বড় ধরনের ধাক্কা লেগেছে। ৩৩ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠানটি থেকে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক ও চীনা গুপ্তচরবৃত্তির সন্দেহের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। হুয়াংয়ের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে।

গত রোববার হুয়াং নিজের পরিবারের প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করে সবার কাছে ক্ষমা চান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহের তালিকায় থাকা অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তার সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর এ ঘটনা ঘটে। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা, যাকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তিতে যুক্ত থাকার সন্দেহে দেখছে ওয়াশিংটন। যদিও এনভিডিয়া পর্ষদ শুরুতে হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু বুধবার প্রতিষ্ঠানটির হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে তার দ্বিতীয় আরেকটি সম্পর্কের তথ্য ফাঁস হলে পর্ষদ তাকে সরিয়ে দেয়ার বিষয়ে বৈঠকে বসে। সার্বিক পরিস্থিতিতে বৃহস্পতিবার হুয়াং প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের সদস্যপদ থেকে সরে দাঁড়ান।

হুয়াংয়ের এই সম্পর্কের খবর ওয়াশিংটনে তীব্র জাতীয় নিরাপত্তা উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ বর্তমানে বিশ্বের উন্নত এআই চিপের প্রায় ৯০ শতাংশ বাজার এনভিডিয়ার নিয়ন্ত্রণে। ৬৩ বছর বয়সী হুয়াং দীর্ঘদিন ধরে চীনে উন্নত চিপ রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমোদন দেন, যার আওতায় চীনা প্রতিষ্ঠানগুলো প্রায় ৫ হাজার ৪০০ কোটি (৫৪ বিলিয়ন) ডলার মূল্যের ২০ লাখের বেশি চিপের ফরমাশ দিয়েছিল। সমালোচকদের আশঙ্কা, ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের এই সংবেদনশীল প্রযুক্তি বেইজিংয়ের কাছে পৌঁছানোর কোনো পথ তৈরি হয়েছিল কি না। তবে এনভিডিয়া পর্ষদ জানিয়েছে, প্রাতিষ্ঠানিক গোপনীয়তা বা জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার কোনো প্রমাণ তাদের হাতে নেই।

হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন কোলেট ক্রেস। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি প্রতিষ্ঠানটির সিএফও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আর্থিক নেতৃত্বে এনভিডিয়ার বার্ষিক আয় ২০১৪ অর্থবছরের ৪১৩ কোটি ডলার থেকে অভাবনীয়ভাবে বেড়ে ২০২৬ অর্থবছরে ২১ হাজার ৫৯০ কোটি ডলারে পৌঁছেছে। এনভিডিয়ায় যোগ দেয়ার আগে তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোসফট ও সিসকোতে শীর্ষ অর্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ধনী নারী।

কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হলেও স্থায়ী সিইওর সন্ধানে রয়েছে এনভিডিয়ার পর্ষদ। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠানটির শীর্ষ প্রকৌশলী ইয়ান বাক এবং চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্মের প্রধান নির্বাহী রেনে হাসের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুককে এনভিডিয়ার পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাব করেছেন। তবে এ বিষয়ে টিম কুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই নেতৃত্বের সংকটের প্রভাবে শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম একপর্যায়ে ১৪ শতাংশের বেশি কমে যায়, যা সামগ্রিক মার্কিন পুঁজিবাজারে প্রযুক্তি খাতের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।

—আল জাজিরার প্রতিবেদন অবলম্বনে

এএম