১৯৬৩ সালে তাইওয়ানে জন্ম নেয়া হুয়াং মাত্র নয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে পরিচয় হওয়া সহপাঠী লরি মিলসকে ১৯৮৫ সালে বিয়ে করেন তিনি। এরপর ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন এনভিডিয়া। হুয়াংয়ের দুই সন্তানও এনভিডিয়ার উচ্চপদে কর্মরত। ভিডিও গেমের গ্রাফিক্স চিপ তৈরির ছোট প্রতিষ্ঠানকে তিনি তিলে তিলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান প্রতিষ্ঠানে রূপান্তর করেন, যার বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪ হাজার ৫০০ কোটি (১৪৫ বিলিয়ন) ডলারে। প্রযুক্তির বিস্তার ও চিপ নির্মাণে তার দূরদর্শী নেতৃত্বের কারণে তাকে প্রয়াত অ্যাপল প্রধান স্টিভ জবসের সঙ্গে তুলনা করা হত, এমনকি ভক্তরা তাকে ‘প্রযুক্তির টেইলর সুইফট’ বলেও ডাকতেন।
তবে চূড়ান্ত কর্মনিষ্ঠ ও কঠোর ব্যবস্থাপক হিসেবে পরিচিত ৬৩ বছর বয়সী এই ধনকুবেরের পতন ডেকে আনে তার ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক। গত ২৯ অক্টোবর নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ পায়, অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ওই সাবেক নারী কর্মকর্তাকে চীনা গোয়েন্দা সংস্থার চর হিসেবে সন্দেহ করে মার্কিন নিরাপত্তা বিভাগ। এই ঘটনা জানাজানি হওয়ার পর হুয়াং নিজের পরিবারের প্রতি অবিশ্বস্ততার কথা প্রকাশ্যে স্বীকার করে স্ত্রী ও এনভিডিয়ার কর্মীদের কাছে ক্ষমা চান। প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের পক্ষে দাঁড়ালেও অভ্যন্তরীণ সংকট তীব্র হতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গত বুধবার, যখন এনভিডিয়ায় দীর্ঘ ১৮ বছর ধরে কর্মরত স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের দ্বিতীয় আরেকটি পরকীয়ার খবর ফাঁস হয়। সরাসরি নিজের অধীনে কর্মরত এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে এমন সম্পর্ক প্রাতিষ্ঠানিক স্বার্থের সংঘাত ও নীতিমালার চরম লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক বসে এবং অবশেষে বৃহস্পতিবার হুয়াং প্রধান নির্বাহী ও পর্ষদ সদস্যপদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজন এবং ওপেনএআইয়ের মতো বিশ্বের তাবড় প্রযুক্তি জায়ান্টগুলো এনভিডিয়ার তৈরি প্রসেসরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এমন এক সময়ে হুয়াংয়ের বিদায়ে মার্কিন চিপ শিল্প ও বৈশ্বিক এআই সরবরাহব্যবস্থা এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হল। হুয়াংয়ের পদত্যাগের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবদানের প্রশংসা করে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুককে এনভিডিয়ার নতুন প্রধান করার পরামর্শ দিয়েছেন। তবে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে ওঠা একজন প্রতিষ্ঠাতার এমন আকস্মিক পতন সিলিকন ভ্যালি ছাড়িয়ে বিশ্ব পুঁজিবাজারেও বড় ধরনের ঝাঁকুনি তৈরি করেছে।
—বিবিসির প্রতিবেদন অবলম্বনে





