আপসহীন পুতিন ও মস্কোর কঠোর শর্ত: ইউক্রেন ঘিরে নতুন কোন ছক কষছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, তিনি ইউক্রেনের জন্য ‘চিরস্থায়ী শান্তি’ চান। অথচ প্রায় পাঁচ বছর আগে প্রতিবেশী দেশটিতে পূর্ণমাত্রায় সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন তিনিই এবং এখনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করে চলেছেন। বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গের বিশ্লেষণে উঠে এসেছে, ইউক্রেনে শান্তির জন্য মস্কো এখন তাদের শর্ত আরও কঠোর করছে এবং এর মধ্য দিয়ে মূলত পুরো ইউরোপের নিরাপত্তাব্যবস্থাকেই নিজেদের অনুকূলে বদলে দিতে চাইছে।

শান্তির পূর্বশর্ত নাকি ইউরোপের নিরাপত্তা কাঠামো বদলের চাপ?

মস্কোর দৃষ্টিতে ইউক্রেনে শান্তির পূর্বশর্ত কী, তা স্পষ্ট করেছে ক্রেমলিন। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, তারা ‘অবিভাজ্য নিরাপত্তা ও শান্তির একটি নতুন ও দীর্ঘমেয়াদি কাঠামো’ চায়। কূটনৈতিক এই ভাষার সহজ অর্থ হলো, মস্কো ইউরোপের নিরাপত্তাব্যবস্থায় এমন পরিবর্তন চায় যা রাশিয়ার স্বার্থ রক্ষা করবে। বিশ্লেষকদের মতে, স্নায়ুযুদ্ধের অবসানের পর ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থায় সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে রাশিয়া।

২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে দেয়া বিতর্কিত খসড়া চুক্তির প্রস্তাবটি আবার আলোচনার টেবিলে ফিরিয়ে এনেছে ক্রেমলিন। ওই প্রস্তাবে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ থামানোর দাবি জানানো হয়েছিল। যেমন ইউক্রেন ও জর্জিয়াকে কখনোই এই জোটে নেয়া হবে না, মস্কোকে এমন অকাট্য নিশ্চয়তা দেয়ার কথা বলা হয়েছিল। পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য ও পূর্ব ইউরোপের যেসব দেশ ন্যাটোর সদস্য হয়েছে, সেসব দেশ থেকে ন্যাটোর সামরিক অবকাঠামো সরিয়ে নেয়ারও দাবি ছিল তাতে।

পশ্চিমা নেতারা সে সময় এই দাবিগুলোকে রাশিয়ার অগ্রহণযোগ্য আল্টিমেটাম হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন। এর দুই মাস পরই ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযান শুরু করে মস্কো। তখন সেই খসড়া চুক্তির প্রস্তাবগুলো চাপা পড়ে গিয়েছিল। এখন ভূরাজনৈতিক ফাইল থেকে সেগুলো আবার বের করে এনে সামনে আনছে ক্রেমলিন। শুধু তা-ই নয়, পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভ ইঙ্গিত দিয়েছেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে পশ্চিমা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মস্কো তাদের দাবির তালিকায় নতুন কিছু বিষয় যুক্ত করতে যাচ্ছে।

মস্কোর কূটনৈতিক বিজয় নাকি যুদ্ধবিরতি এড়ানোর ফাঁদ?

পশ্চিমা সরকারগুলো রাশিয়ার এসব দাবি মেনে নেবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তবে ইউক্রেন সংক্রান্ত আলোচনায় এখন ইউরোপীয় নিরাপত্তার প্রশ্নটি স্থান পাওয়ায় মস্কো এটিকে নিজেদের বিজয় হিসেবেই দেখছে। চলতি সপ্তাহের শুরুর দিকে রুশ সংবাদপত্র কমসোমলস্কায়া প্রাভদা লিখেছে, ‘২০২১ সালের ডিসেম্বরে রাশিয়া সক্রিয়ভাবে প্রস্তাব দিয়েছিল যেন ন্যাটো ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবে। আমাদের প্রস্তাব নিয়ে তখন প্রায় হাসাহাসি করা হয়েছিল। পশ্চিমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করে একটি বিজয় অর্জনের পর আমাদের কূটনীতিকদের এখন দ্বিতীয় বিজয়টি প্রয়োজন, আর তা হলো ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগে পশ্চিমাদের কর্ণপাত করতে বাধ্য করা।’

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কালাস নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর বিষয়ে রাশিয়ার দাবিকে যুদ্ধবিরতি থেকে মনোযোগ সরানোর একটি ফাঁদ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউক্রেন-রাশিয়া আলোচনার ধারাবাহিকতাটি গুরুত্বপূর্ণ। অগ্রাধিকার হওয়া উচিত যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং এরপর একটি শান্তিচুক্তিতে পৌঁছানো। কেবল তারপরই ইউরোপের বৃহত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।’

তবে ইউরোপের জন্য বড় সমস্যা হলো, এই মুহূর্তে তারা আলোচনার টেবিলেই নেই। মস্কো তাদের আলোচনায় রাখার কোনো আগ্রহ দেখায়নি। কিয়েভকে সামরিক সহায়তা দেয়া এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে ইউরোপীয় নেতাদের তীব্র সমালোচনা করেছে তারা। চলতি সপ্তাহে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নিয়েছিল কেবল ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

মস্কোয় আলোচনার পর মার্কিন দূত উইটকফ ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী দফায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করার ধারণায় সম্মতি দিয়েছেন পুতিন। তবে শুক্রবার ক্রেমলিন ইঙ্গিত দিয়েছে, ইউরোপের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘তাদের প্রকৃত উদ্দেশ্য এবং শান্তিপ্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে তাদের প্রস্তুতি আমরা একবার বুঝতে পারলে ইউক্রেন নিয়ে বৃহত্তর পরিসরে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।’

পুতিনের আত্মবিশ্বাসের নেপথ্যে কী?

মার্কিন দূত উইটকফ ও কুশনারের সঙ্গে আলোচনায় পুতিনকে বেশ আপসহীন ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। এর পেছনের কারণও স্পষ্ট। একটি চুক্তির আশায় মার্কিনরা এখন তার দরজায় কড়া নাড়ছে এবং ইউরোপীয়রাও তার সঙ্গে যোগাযোগের কথা ভাবছে। গত মাসে নরওয়ে ও ফিনল্যান্ডের নেতারা উদ্যোগী হয়ে তাকে ফোন করেছিলেন।

এছাড়া আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করতে পারেন পুতিন। রুশ সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যে এই তিন নেতাকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপ পুনর্গঠনে বৈঠকে বসা বিগ থ্রি অর্থাৎ স্তালিন, রুজভেল্ট ও চার্চিলের সঙ্গে তুলনা করতে শুরু করেছে।

যদিও বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, প্রায় পাঁচ বছরের যুদ্ধে সম্মুখসমরে বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। রুশ অর্থনীতির ওপর চাপ ক্রমেই বাড়ছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো একের পর এক লক্ষ্যবস্তু হচ্ছে, যা দেশটিতে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের এই ক্ষয়ক্ষতি কিংবা অর্থনৈতিক চাপের কোনো কিছুই এখন পর্যন্ত ক্রেমলিনের নেতাকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারেনি।

এএম