বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) প্রকাশিত দ্য মুসলিম ৫০০-এর ২০২৭ সালের সংস্করণে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বার্ষিক এই প্রকাশনার ১৮তম সংস্করণে প্রথমবারের মতো রাজনৈতিক বিভাগে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে তার ভূমিকা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর পদে তার আসীন হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রকাশনাটির তথ্যানুযায়ী, লন্ডনে ১৭ বছর নির্বাসনে থাকার সময় বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর আবার ক্ষমতায় ফেরে দলটি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

বিশ্বের প্রায় ২২০ কোটি (২ দশমিক ২ বিলিয়ন) মুসলিমের ওপর রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের ভিত্তিতে প্রতিবছর প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় কেবল শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে র‍্যাংকিংয়ে রাখা হয়। বাকি ৪৫০ জনকে কোনো ক্রম ছাড়াই রাজনীতি, ধর্মীয় পাণ্ডিত্য, সামাজিক ইস্যু, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে তালিকাভুক্ত করা হয়। তারেক রহমানকে ক্রমবিহীন এই ৪৫০ জন ব্যক্তিত্বের মধ্যে রাখা হয়েছে।

২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তালিকায় তিনজনকে স্থান দেয়া হয়েছে। তারেক রহমান ছাড়া অন্য দুজন হলেন মানবাধিকার গবেষক ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

প্রকাশনাটিতে বলা হয়েছে, এই তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি কেবল সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাবকে তুলে ধরে; এটি তাদের মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন বোঝায় না।

এএম