যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন, যৌথ তদন্ত শুরু

আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির প্রধান প্রবেশপথ
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির আকাশে সন্দেহভাজন অননুমোদিত ড্রোনের আনাগোনা দেখা যাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন সেখানে মোতায়েন মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় অবশ্য কোনো কর্মী, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি। মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ই-মেইলে পাঠানো এক বার্তায় ওই মুখপাত্র বলেন, ‘আমাদের মার্কিন সেনাসদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং আমাদের সবার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ড্রোনের আনাগোনার খবর পেয়ে মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবস্থা নিয়েছেন এবং পরিস্থিতির সমাধান হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ই-মেইল বিবৃতিতে বলেন, ‘প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আমরা তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যথাসময়ে আমরা এ বিষয়ে হালনাগাদ তথ্য জানাব।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে হামলায় ব্যবহৃত বোমারু বিমানগুলো যুক্তরাজ্য থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশালাকার জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজগুলোও যুক্তরাজ্য থেকে জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে এক সংবাদ প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে হুমকির কারণেই এমন পদক্ষেপ নেয়া হয়েছিল। এর আগে গত ২৭ সেপ্টেম্বর মাঝরাতে সাদা রঙের ভ্যানে করে একদল লোক আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে যাওয়ার পর নিরাপত্তার কারণে সেখান থেকে বোমারু বিমানগুলো সরিয়ে নেয়া হয়।

ওই ঘটনার জেরে গত মাসে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কৌঁসুলিদের অভিযোগ, তাদের একজন যুক্তরাজ্যে ইরানি গোয়েন্দাদের সহায়তা করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে মার্কিন বিচার দপ্তর চলতি সপ্তাহে জানিয়েছে, ফৌজদারি অভিযোগে যুক্তরাষ্ট্রে আটক থাকা অবস্থায় ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর এক সদস্য ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ছক কষেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হুমকির কারণেই জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজগুলো সরিয়ে নেয়া হয়েছিল। এছাড়া যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান গত অক্টোবরে জানিয়েছিলেন, দেশটিতে সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা বাড়িয়েছে ইরান।

তবে ফেয়ারফোর্ডের ঘটনা কিংবা যুক্তরাজ্যে অন্য কোনো ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। যদিও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ কয়েক বছর ধরেই অভিযোগ করে আসছে যে ভিন্নমতাবলম্বী এবং ইসরাইলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলা ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে ইরান জড়িত।

এদিকে গত আগস্টে পূর্ব জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে হামলার চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। বিমানবন্দরটির কর্মীরা সেখানে বিস্ফোরক ও ডেটোনেটরসহ একটি ড্রোন খুঁজে পেয়েছিলেন। লিপজিগ/হালে বিমানবন্দরটি বেসামরিক পণ্য পরিবহন ও ন্যাটোর লজিস্টিকস কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাশাপাশি ইউক্রেনের বিশালাকার কয়েকটি আন্তোনভ এএন-১২৪ কার্গো উড়োজাহাজের ঘাঁটি হিসেবেও এটি ব্যবহৃত হয়।

এএম