চীনা গুপ্তচর কাণ্ডে পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

বিদেশে এখন
0

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য পদত্যাগী প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারি ফাঁসের পর এবার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৃহস্পতিবার এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চীনে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে তদারকির ঘাটতি এবং চীনা প্রতিষ্ঠানগুলোকে কালোতালিকাভুক্ত করতে প্রশাসনের অনীহার কারণে কংগ্রেসের আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে চীনা গোয়েন্দা সংস্থার চর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁসের পর এনভিডিয়ার শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই চীনে এআই চিপের চালান নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠে লুটনিকের বিরুদ্ধে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের এআই স্টার্টআপ ডিপসিক ও মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটিসহ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত শতাধিক সংস্থাকে বাণিজ্য নিষেধাজ্ঞার কালোতালিকায় তোলার প্রক্রিয়া আটকে রেখেছিল ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা এড়ানোর যুক্তিতে ২০২৫ সালের অক্টোবরের পর থেকে কোনো চীনা সংস্থাকে নতুন করে ওই তালিকায় যুক্ত করা হয়নি, যা গত এক দশকের মধ্যে দীর্ঘতম বিরতি।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের দুই দলের আইনপ্রণেতারাই বাণিজ্যমন্ত্রীর জবাবদিহি দাবি করেছেন। রিপাবলিকান সিনেটর জন কেনেডি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ পরিস্থিতিকে ‘চরম সংকটজনক’ বলে অভিহিত করে কংগ্রেসের শুনানিতে লুটনিকের দ্রুত উপস্থিতির ওপর জোর দেন। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্রিস কুনস বাণিজ্যমন্ত্রী লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়ে চীনে এনভিডিয়ার এআই চিপ রপ্তানিসংক্রান্ত সব সরকারি নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। তারা জানান, নিয়ন্ত্রণব্যবস্থার ফাঁকফোকর বন্ধ না করে মার্কিন উন্নত প্রযুক্তি কীভাবে চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বাণিজ্য দপ্তরকে।

আইনপ্রণেতারা আরও খতিয়ে দেখছেন ২০২৪ সালের জুন থেকে সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৮০ কোটি (৪ দশমিক ৮ বিলিয়ন) ডলারের বেশি মূল্যের এনভিডিয়া চিপ কেনার ঘটনাটি। এই প্রতিষ্ঠানের সাবেক এক নারী কর্মকর্তার সঙ্গেই এনভিডিয়ার সাবেক প্রধান হুয়াংয়ের অনৈতিক সম্পর্ক ছিল। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে বেইজিংয়ের কাছে এনভিডিয়ার উন্নত এইচ২০০ এআই চিপ বিক্রির অনুমোদন দেয়ার বিষয়টিকেও অসাংবিধানিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তদন্ত শুরু করেছেন প্রভাবশালী আইনপ্রণেতারা। যদিও বৃহস্পতিবার দিনের শুরুতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছিলেন যে বাণিজ্যমন্ত্রীর ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে, তবে তিন দশকের পুরোনো বন্ধু লুটনিককে রক্ষায় ট্রাম্প শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

—রয়টার্সের প্রতিবেদন অবলম্বনে

এএম