আসিয়ান জোটের পরিধি কতটা?
একক বাজার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত ১১ সদস্যের অর্থনৈতিক জোট আসিয়ান। তবে জোটটি সদস্যদেশগুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এর সদস্যদেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। এই দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় ৬৯ কোটি ৪০ লাখ, যা বিশ্বের মোট জনসংখ্যার ৮ দশমিক ৪ শতাংশ। প্রতিবছর আসিয়ানের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং ম্যানিলার এই সম্মেলনটিই চলতি বছরের সর্বশেষ বার্ষিক শীর্ষ সম্মেলন।
সম্মেলনে কারা অংশ নিচ্ছেন?
আসিয়ানের ১১টি সদস্যদেশের শীর্ষ নেতা ও প্রতিনিধিদের পাশাপাশি এবারের সম্মেলনে বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। চীনের সঙ্গে ওয়াশিংটনের চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই ১৭ নভেম্বর আসিয়ান সদস্যদের সঙ্গে একটি বিশেষ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপর ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) বৈঠকে যোগ দিতে চীন সফরে যাবেন ট্রাম্প।
ভারত আসিয়ানের সদস্য না হলেও সদস্যদেশগুলোর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে সম্মেলনে যোগ দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সম্মেলনে ভাষণ দেবেন। অন্যদিকে ব্রাজিলের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ফিলিপাইন সফর করছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। আসিয়ান সদস্যদের সঙ্গে তিনি বাণিজ্য, প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গত জুলাইয়ে অনুষ্ঠিত রাশিয়া-আসিয়ান সম্মেলনের ধারাবাহিকতায় এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
আসিয়ানের সামনে মূল সংকট ও আলোচ্য বিষয়গুলো কী?
১. যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও জ্বালানি নিরাপত্তা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সরবরাহকারীদের কাছ থেকে তেল ও গ্যাস পাওয়ার ক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছে। এতে মারাত্মক চাপে পড়েছে আমদানিনির্ভর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়া। এই সংকটের কারণে গত মার্চে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে ফিলিপাইন।
এছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর লাখ লাখ নাগরিক মধ্যপ্রাচ্যে বসবাস ও কাজ করেন। চলমান যুদ্ধ তাদের নিরাপত্তা ও আয়ের পথকে হুমকির মুখে ফেলেছে। একই সঙ্গে আঞ্চলিক নেতাদের আশঙ্কা, এই সংঘাত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যবর্তী সরু জলপথ মালাক্কা প্রণালিতেও ছড়িয়ে পড়তে পারে।
২. বাণিজ্য উত্তেজনা ও মার্কিন শুল্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আসিয়ান সদস্যদের আরেকটি বড় উদ্বেগের বিষয়। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধের মুখে পড়েছে আসিয়ানভুক্ত দেশগুলো। তাদের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে তৈরি হওয়া এই অর্থনৈতিক টানাপোড়েনের কারণে জোটের দেশগুলো এখন বিকল্প বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে উৎসাহিত হচ্ছে।
৩. দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ
ব্যস্ত জলপথ দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে চীন ও তাইওয়ানের সঙ্গে আসিয়ানের চার সদস্যদেশ ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের বিরোধ চলছে। সমুদ্রের তলদেশে তেল ও গ্যাসের বিপুল মজুত থাকার ধারণায় এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সামরিক আগ্রাসন নিরুৎসাহিত করতে এবং বড় ধরনের সংঘর্ষ এড়াতে ২০০৫ সালে চীনের সঙ্গে একটি আচরণবিধি (কোড অব কনডাক্ট) নিয়ে আলোচনা শুরু করে আসিয়ান। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ম্যানিলা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ায় এই আলোচনা বারবার থমকে গেছে। ২০২৩ সালে উভয় পক্ষ প্রক্রিয়াটি দ্রুততর করতে এবং চলতি বছর একটি চূড়ান্ত খসড়া প্রকাশ করতে সম্মত হয়। মালয়েশিয়ার নেতৃত্বে চলতি বছর অন্তত ১০ দফা আলোচনা হয়েছে, যার চূড়ান্ত পর্বটি হয় গত অক্টোবরে। তবে বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না এবং আলোচনা আগামী বছরও গড়াতে পারে।
৪. থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাত
৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত এলাকা এবং প্রিয়া বিহার শিবমন্দিরের মতো পবিত্র ধর্মীয় স্থাপনার মালিকানা নিয়ে গত বছরের শেষ দিকে আসিয়ানের দুই সদস্যদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘর্ষ বাধে। ওই সহিংসতায় অন্তত ১৫০ জন নিহত এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে আসিয়ান সদস্যদের পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে আলোচনা শুরু হয়। গত ডিসেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বৃহত্তর সীমান্ত বিরোধ এখনো অমীমাংসিত রয়ে গেছে। পরিস্থিতি সমাধানে আরও সংলাপ এবং তৃতীয় পক্ষের পর্যবেক্ষকদের যুক্ত করার আহ্বান জানাচ্ছে জোটটি।
৫. মিয়ানমারের গৃহযুদ্ধ ও রোহিঙ্গা সংকট
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ আসিয়ানের আলোচ্যসূচির শীর্ষে রয়েছে। এই যুদ্ধ রোহিঙ্গা শরণার্থী সংকটকে আরও প্রকট করে তুলেছে। দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে জোটটি। অভ্যুত্থানের পর থেকে একাধিক বিদ্রোহী গোষ্ঠী ও জাতিগত সশস্ত্র সংগঠন সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে।
সহিংসতা ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ বাড়ায় গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোতে মিয়ানমারের অংশগ্রহণ অরাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে সীমিত করেছে আসিয়ান। অন্যদিকে সংলাপ ও মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ বাড়াতে ২০২১ সালের এপ্রিলে আসিয়ানের নেয়া পাঁচ দফা শান্তি পরিকল্পনা পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হয়েছে।
৬. ইন্দোনেশিয়ার দাবানল ও আন্তঃসীমান্ত ধোঁয়াশা
পরিবেশগত সংকট, বিশেষ করে দাবানল ও আন্তঃসীমান্ত বায়ুদূষণ এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে। খরাকবলিত ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা ব্যাপক দাবানলে আনুমানিক ২৮ লাখ ৮০ হাজার হেক্টর (৭১ লাখ ২০ হাজার একর) এলাকা পুড়ে গেছে এবং অন্তত ৩ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।
দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশা কেবল ইন্দোনেশিয়ার বাসিন্দাদেরই নয়, প্রতিবেশী মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দাবানল মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাকার্তা সমালোচনার মুখে পড়েছে। তবে ইন্দোনেশিয়া সরকারের দাবি, পরিস্থিতি সামাল দিতে হাজার হাজার উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ এবারের সম্মেলন?
আসিয়ান যখন একসঙ্গে অর্থনৈতিক, নিরাপত্তা ও পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আঞ্চলিক নেতাদের এক মঞ্চে এনেছে ম্যানিলার এই সম্মেলন। জ্বালানি সরবরাহে বিঘ্ন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এবং দক্ষিণ চীন সাগরের উত্তেজনা জোটটির অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির স্বার্থ সমন্বয়ের সক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলেছে। একই সময়ে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাত এবং মিয়ানমারের গৃহযুদ্ধ নিরসনেও আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের প্রচেষ্টার পাশাপাশি ম্যানিলার আলোচনায় এসব সংকটই প্রাধান্য পাচ্ছে।
—আল জাজিরার প্রতিবেদনের অবলম্বনে
 in Cebu, Philippines-768x402.webp)




