শনিবারের এই হামলায় সামিরকে লক্ষ্য করে ড্রোন থেকে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেত। তারা জানায়, হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল।
হামাস জানায়, শনিবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া একটি তাঁবুতে এই হামলা চালানো হয়। এতে সামির নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হয়েছেন। আল-জাজিরার তথ্যমতে, হতাহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেয়া হয়েছে।
ভূমধ্যসাগরের উপকূলীয় এলাকা আল-মাওয়াসিতে বর্তমানে বাস্তুচ্যুত অসংখ্য ফিলিস্তিনি তাঁবু টানিয়ে বসবাস করছেন। এলাকাটিকে আগে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করলেও সেখানে বারবার হামলা চালিয়েছে ইসরাইল।
এদিকে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজার ৬৯৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় ঠান্ডায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সম্প্রতি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা এই শীতে ঠান্ডাজনিত প্রথম মৃত্যুর ঘটনা। ভারী বৃষ্টির কারণে তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অক্টোবরের যুদ্ধবিরতির পরও গাজাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।





